এই সময়: সেই মেট্রো চ্যানেল, ধর্নায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বদলে গিয়েছে সময়। সিঙ্গুরে জমি আন্দোলনের সময়ে এই মেট্রো চ্যানেলেই প্রতিবাদী হয়েছিলেন মমতা, দেড় দশকের বেশি পরে ভোটাধিকার রক্ষার ইস্যুতে রাতভর ধর্নামঞ্চে কাটালেন তৃণমূলনেত্রী। এ দিন দুপুরে মমতার মঞ্চে এসেছিলেন জয় গোস্বামী, কবীর সুমন–সহ অনেক বিশিষ্ট ব্যক্তি।
মেট্রো চ্যানেলে শুক্রবার দুপুরে মমতা উপস্থিত হতেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের ধর্না কর্মসূচির সূচনা হয়। তৃণমূলের নেতা–মন্ত্রীদের পাশাপাশি এই ধর্নামঞ্চে এক সময়ে উপস্থিত হন রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়। রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়ায় কী ভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে, তা নিজের অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরেন রামকৃষ্ণ সারদা মিশনের এক মহারাজ। নিজের বিভিন্ন নথিপত্র দেখিয়ে তিনি বলেন, ‘আমি ১৪ বছর ধরে রামকৃষ্ণ সারদা মিশনের পদে রয়েছি। ভোটার তালিকায় আমার নাম ক্যানসেল করা হয়েছে। বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের আমি মন্ত্রশিষ্য। এই রকম যদি হয়, দেশের অবস্থা খারাপ জায়গায় যাবে।’ ২০০২–এর ভোটার তালিকায় এই মহারাজের নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম নেই বলে অভিযোগ উঠেছে। ‘সার’–এ ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র তালিকায় নাম উঠেছিল জয় গোস্বামীর। সিঙ্গুর–নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিচারণা করার পাশাপাশি শুনানিতে ডাক পড়া নিয়ে জয় বলেন, ‘আমাকে প্রমাণপত্র দিতে হয়েছে। ৯০ বছরের বেশি বয়সিদেরও ডাকা হয়েছে।’ জয় গোস্বামীকে শুনানির নোটিস পাঠানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘জয়দাকে ডেকে পাঠানো হয়েছিল, এটা অপমান।’
মেট্রো চ্যানেলে শুক্রবার সকাল থেকে দফায় দফায় তৃণমূলের নেতা–কর্মীরা এসেছেন, ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও। মেট্রো চ্যানেলে মমতার ধর্না চলার সময়েই ডঙ্কা বাজিয়ে মতুয়া সম্প্রদায়ের একদল ভক্ত হাজির হন। মতুয়া সম্প্রদায়ের এই দলের সঙ্গেই জোড়াফুলের সাংসদ মমতাবালা ঠাকুর আসেন। দুপুর থেকে টানা এই ধর্না কর্মসূচিতে ভাষণের পাশাপাশি গান শুনিয়েছেন কবীর সুমন। বহুদিন পরে মমতার মঞ্চে কবীর সুমন গাইলেন, ‘আজি বাংলা দেশের হৃদয় হতে...।’ রবীন্দ্রসঙ্গীত গেয়ে ‘সার’ নিয়ে নিজের প্রতিবাদ জানানোর পাশাপাশি কবীর সুমন গেরুয়া শিবিরকেও কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘এরা (বিজেপি নেতারা) এতটা বোকা, নিরেট, এরপরেও বলছে বিজেপি জিতবে। ওরা জানে না, ওদের ভোট অন্যরা পেয়ে গিয়েছে।’ ধর্নামঞ্চে গান গাইতে গিয়ে লিরিক্স ভুলে গিয়ে বাবুল সুপ্রিয় কিছুটা বিড়ম্বনায় পড়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের আগে মমতা বাবুলকে বলেন একটি গান গাইতে। বাবুল গাইতে শুরু করেন, ‘আমি বাংলায় গান গাই...।’ কিন্তু কয়েক লাইন গাওয়ার পরেই বাবুল লিরিক্স ভুল করেন। প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া এই গান অতি জনপ্রিয় হওয়ায় এই ভুল সবার কানে ঠেকেছে। বাবুল সঙ্গে সঙ্গে গান থামিয়ে দিয়ে বলেন, ‘লিরিক্স ভুলে যাইনি, গুলিয়ে গিয়েছে।’ মেট্রো চ্যানেলে মমতার ধর্নামঞ্চে শুক্রবার প্রথম রাজনৈতিক ভাষণ দিয়ে দলনেত্রীর প্রশংসা কুড়িয়েছেন জোড়াফুলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী। মেনকার সংক্ষিপ্ত ভাষণ শুনে মমতা বলেন, ‘তুমি আমাদের মন জয় করে নিয়েছ।’ মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চে রাত কাটিয়ে আজ, শনিবারও সেখানে থাকবেন তৃণমূলনেত্রী।