• সরকারের প্রকল্প নিয়ে অশালীন মন্তব্য, অসীমের কুকথায় তাল কাটল পরিবর্তন যাত্রায়
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • এই সময়, স্বরূপনগর ও কুলতলি: বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিজেপি বিধায়ক অসীম সরকার। শুক্রবার সকালে স্বরূপনগরের তেঁতুলিয়া থেকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পরিবর্তন যাত্রা শুরু হয়। তেঁতুলিয়ার মঞ্চ থেকে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, 'লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিয়েছেন, যুবসাথী করেছেন। ভাতা যদি জীবন ভরে পায় সে কোনওদিন ভাতার হতে পারবে? ভাতা পেয়ে কিন্তু ভাতার হওয়া যায় না।'

    অসীমের কুরুচিপূর্ণ মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান মঞ্চের উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। দলের অন্যান্য নেতার যখন বলছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে, তখন দলের বিধায়কের এই কুরুচিকর বক্তব্যে বিড়ম্বনায় পড়ে যান বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল বলেন, 'বাংলার মানুষ এই অসম্মানের জবাব দেবেন। এটা বিজেপির সংস্কৃতি। কুৎসা ছড়ানোই ওদের কাজ।'

    সুন্দরবনে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুক্রবার কুলতলির পরিবর্তন যাত্রা সুচনা করেন বিপ্লব। সঙ্গে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ ও মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। ছিলেন জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল লস্কর। কুলতলির জালাবেড়িয়া আশ্রম থেকে শুরু হয় এই পরিবর্তন যাত্রা। যাত্রার শুরুতেই উত্তম পাইক নামে এক স্থানীয় তৃণমূল নেতা যোগ দেন বিজেপিতে। মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী উত্তম। বৃহস্পতিবার বিপ্লব দেবের নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে বাসন্তী হয়ে গোসাবা বিধানসভা এলাকায় শেষ হয়। বিপ্লব বলেন, 'তৃণমূলের শাসনে মানুষ অতিষ্ঠ। বিধানসভা নির্বাচনে জয়লাভের বিজেপি সুশাসন আনবে।' মাধ্যমে

  • Link to this news (এই সময়)