শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে কুয়াশার দাপট। সাতসকালে কলকাতার একাংশে দেখা গেল ব্যাপক কুয়াশা। শহরের ইএমবাইপাস-এর চিংড়িঘাটা এলাকা, এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এদিন ভোর ৬টা নাগাদ কুয়াশার ঘন স্তর লক্ষ্য করা গিয়েছে। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে, গাড়ি চলাচল করতেও রীতিমতো অসুবিধা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, আজ শনিবার কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে IMD। তবে, আগামীকাল রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাব শনিবার থেকেই দেখা যেতে পারে। রবিবার মূলত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ হালকা ভিজতে পারে। তবে সোমবার থেকে এর প্রভাব জোরালো ভাবে পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবি থেকে বুধ, এই চারদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সব এলাকাই বিক্ষিপ্তভাবে ভিজতে পারে।
কবে কোথায় বৃষ্টি?
রবিবার ঝাড়গ্রামের পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই সব জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে। এছাড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। আবার বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবেই বৃষ্টির আশঙ্কা রয়েছে।
হলুদ সতর্কতা জারি
রবিবারই হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। এই জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) এবং বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD।
এরপর সোম ও মঙ্গলবার ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলার একাংশে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে।