এই সময়, শ্রীরামপুর: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। তৃণমূলের প্রার্থী তালিকাও প্রকাশিত হয়নি। তার আগেই শ্রীরামপুরে পুনরায় প্রার্থী হচ্ছেন সুদীপ্ত রায়, এই খবর জানিয়ে পোস্টার পড়ল। শুক্রবার সকালে শ্রীরামপুর স্টেশনের লাগোয়া এলাকায় এই ধরনের পোস্টার নজরে পড়তেই তৃণমূলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। সুদীপ্ত রায় ফ্যানস ক্লাব নামে এই পোস্টার মারা হয়েছে।
ওই পোস্টারে লেখা রয়েছে, 'সমস্ত ষড়যন্ত্র শেষ। শ্রীরামপুরে পুনরায় তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়।' পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও দেওয়া রয়েছে।
সুদীপ্ত রায়ের অনুগামীরা অবশ্য দাবি করেছেন, সুদীপ্ত রায় ফ্যানস ক্লাব বলে কোনও সংগঠন নেই। কেউ কেউ আবার এর পিছনে বিজেপির হাত দেখতে পাচ্ছেন।
শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিংহ বলেন, 'বাইরের কেউ এই ধরনের পোস্টার মেরে তৃণমূলকে বিভ্রান্ত করতে চাইছে। দল যাঁকে টিকিট দেবেন, তিনিই আমাদের প্রার্থী।'
সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলার গৌর মোহন দে জানিয়েছেন, দলের অতি উৎসাহী কর্মীরা হয়তো পোস্টার মেরেছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্যের কটাক্ষ, 'ওদের দলে একজনই প্রার্থী, বাকিরা সব ল্যাম্পপোস্ট।'
এ ব্যাপারে জানতে চাওয়া হলে সুদীপ্ত রায় বলেন, 'আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি এখন ধর্মতলায় নেত্রীর ধর্না মঞ্চে আছি।'