Big Breaking: চলতি মাস থেকেই ‘যুব সাথী’র ভাতা যাবে প্রাপকদের অ্যাকাউন্টে। ৭ মার্চ মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আজ থেকে যুবসাথীর টাকা যাবে। তিনি জানিয়েছেন, আগে ঠিক করা হয়েছিল ১ এপ্রিল থেকে ওই টাকা অ্যাকাউন্টে যাবে। কিন্তু তার আগেই দিয়ে দেওয়া হলো। আজ অর্থাৎ ৭ মার্চ থেকেই এই টাকা ঢুকবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মহিলা দিবসের উপহার হিসাবে এই সিদ্ধান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী।
২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রায় ১ কোটি যুবক-যুবতী আবেদন করেছেন এই প্রকল্পের জন্য, জানালেন মুখ্যমন্ত্রী।
যাঁরা এই প্রকল্পে আবেদন করেছেন, তাঁরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। সরাসরি প্রাপকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকতে হবে। যাঁরা কোনও চাকরি বা কাজ করেন না, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সর্বাধিক ৫ বছরের জন্য এই প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা।
রাজ্য সরকারের কোনও প্রকল্প যাঁরা পেয়ে থাকেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে কোনও স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী বা রূপশ্রী পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যেহেতু ওই সাহায্য পড়াশোনার জন্য দেওয়া হয়, ওই টাকা নিয়ে পড়ুয়ারা পড়াশোনা করেন। সেই কারণেই ওই ভাতা পেলেও যুব সাথীর জন্য তারা যোগ্য বলে বিবেচিত হবেন।