বিধানসভা নির্বাচনের মুখে ফের আলোচনা বাংলা ভাগ নিয়ে। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি করিডরের কাছে বাংলা-বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে, এই রকম কিছু পোস্ট এক্স হ্যান্ডলে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে জানিয়ে দেওয়া হয়, এক্স হ্যান্ডলে এই বিষয়টি সংক্রান্ত যে পোস্টগুলি ছড়ান হচ্ছে তা ভুয়ো। কেন্দ্রীয় সরকার নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কোনও সিদ্ধান্ত নেয়নি।
এ দিন ধর্না মঞ্চে মমতা বলেন, ‘কাল আমি একটা টুইটে দেখলাম, দিল্লির বাবুরা খাইয়েছে, বাংলা-বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। বাংলায় হাত দিয়ে দেখ। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলা ভাগ করার, আবার একটা বঙ্গভঙ্গ করার। বিহার ভাগ করে ঝাড়খণ্ড করেছে। ডবল ইঞ্জিন সরকার যেখানেই সরকারে থাকবে, সেখানেই লুটেপুটে খাবে।’
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি খড়্গহস্ত হন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বঙ্গভঙ্গ করার জন্য ভোট কাটার প্ল্যান? আগে এপস্টিন সামলান, তার পরে বঙ্গভঙ্গ করবেন।’ তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই পিআইবি (PIB) থেকে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে দাবি করা হচ্ছে যে সরকার শিলিগুড়ি করিডরের কাছে বিহার এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিকে নিয়ে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরিকল্পনা করছে। এই দাবি সম্পূর্ণ ভুয়ো।’ কেন্দ্রীয় সরকার এরকম কোনও পরিকল্পনা গ্রহণ করেনি বলে জানিয়ে দেওয়া হয় পিআইবি-র পোস্টে। তথ্য যাচাই না করে এই ধরনের পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।