• ১৩ দিন ধরে নিখোঁজ ‘কনটেন্ট ক্রিয়েটর’ স্ত্রী, সন্তানদের নিয়ে অথৈ জলে স্বামী
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • বোনের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু বোনের বাড়িতে পৌঁছননি। তারপরে ১৩ দিন কেটে গেলেও খোঁজ মেলেনি এক মহিলার। পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরি হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি গ্রামের ঘটনা। ২৩ ফেব্রুয়ারি থেকে খোঁজ মিলছে না ওই মহিলার। বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেলেন তিনি, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিখোঁজ মহিলার নাম বিসো মল্লিক, বয়স ৩৪ বছর। বাড়িতে রয়েছেন স্বামী ও দুই নাবালক ছেলে। তাঁর স্বামী বিকাশ মল্লিক ভিনরাজ্যে কাজ করেন। দিন পনেরো আগে বাড়ি ফিরেছিলেন তিনি। ২৩ ফেব্রুয়ারি, যে দিন থেকে ওই মহিলা নিখোঁজ হয়েছেন। সে দিন বিকাশ মল্লিক পাশের গ্রামে কাজ করতে গিয়েছিলেন। তিনি বলছেন, ‘বলল কাজে যাব না। আজ বোনের বাড়ি যাব। আমি কাজে গিয়েছিলাম। এসে ঘুমিয়ে পড়েছিলাম। সময় পেরিয়ে গেলেও বাড়ি না আসায় আমি ফোন করি। কিন্তু ফোনে পাইনি।’ এদিক-ওদিক অনেক খুঁজেও স্ত্রীর হদিশ পাননি তিনি। তার পরে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। কিন্তু এখনও খোঁজ মেলেনি মহিলার। তিনি কি কোনও টাকা নিয়ে গিয়েছেন? বিকাশের দাবি, পঞ্চান্ন হাজার টাকা নিয়ে চলে গিয়েছেন তাঁর স্ত্রী। মাসখানেক ধরে স্ত্রীর ফোন সবসময়ে ব্যস্ত থাকত বলে অভিযোগ বিকাশের। এখন তাঁর স্ত্রীর ফোন সুইচড অফ রয়েছে বলে দাবি তাঁর।

    বিকাশের সন্দেহ, তাঁর স্ত্রী মোবাইলে রিল তৈরি করতেন। সেই সূত্রে কারও সঙ্গে তাঁর স্ত্রীর যোগাযোগ হয়েছে এবং প্রলোভনে পড়ে অন্য কোথাও চলে গিয়েছেন। কিন্তু সেই ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত নন তিনি। দুই নাবালক সন্তানকে নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন স্বামী বিকাশ মল্লিক। স্থানীয় বাসিন্দা কবীর আলি ও এজাহার সিদ্দিকি জানাচ্ছেন, তাঁরা পুলিশের কাছে গিয়েছিলেন। দ্রুত ওই মহিলাকে পুলিশ খুঁজে বের করুক বলে দাবি তাঁদের।

  • Link to this news (এই সময়)