• সপ্তম শ্রেণির ছাত্রীর হাতে ওটা কীসের প্যাকেট? সিসিটিভি দেখে হতবাক স্যর-দিদিমণিরা
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • সাংঘাতিক অভিযোগ। হার্বাল চকোলেট বলে স্কুল পড়ুয়াকে ভাংয়ের গুলি বিক্রি। অভিযুক্ত দোকানদারকে আটক করল দুর্গাপুর থানার পুলিশ (Durgapur News)। দুর্গাপুর থানার অধীন ধুনরাপ্লটে অভিযুক্তের দোকান আছে। সেই দোকান থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ভাংয়ের গুলি বিক্রি করা হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায় এলাকায়।

    অভিযোগ, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি ধুনরাপ্লটে। দুর্গাপুর স্টিল টাউনশিপে এ-জ়োনে একটি বেসরকারি স্কুলে পড়ে সে। শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই দোকান থেকে চকোলেট কেনে সে। রঙিন মোড়কে চকোলেট দেখে জানতে চায়, প্যাকেটে কী আছে। অভিযোগ, দোকানদার জানান, হার্বাল চকোলেট। এর পরে কয়েকটি প্যাকেট কেনে সে।

    শনিবার স্কুলে নিয়ে আসে সেগুলি। সহপাঠীদেরও দেখায়। প্রধান শিক্ষিকা দেবযানী বসু বলেন, ‘আমাদের প্রতিটি ক্লাসে সিসিটিভি আছে। হঠাৎ নজরে আসে ওরা কী একটা রঙিন প্যাকেট দেখছে। আমি স্যরকে ক্লাসে পাঠাই। নিজেও যাই। নাকের কাছে নিতেই গন্ধটা ঠিকঠাক লাগেনি। এর পরে মেয়েটির বাড়িতে জানাই।’

    শনিবার ছাত্রীর বাড়ির লোকজনকে নিয়ে ওই দোকানে যান প্রধান শিক্ষিকা। দোকানির দাবি, তিনি ওই কিশোরীকে জানিয়েছিলেন, এটা ভাংয়ের গুলি। পাল্টা পড়ুয়ার দাবি, তিনি বলেছিলেন, হার্বাল চকোলেট। পরিবারের প্রশ্ন, একজন স্কুল ড্রেস পরা বাচ্চা মেয়ে, তার হাতে কী ভাবে দোকানি এই প্যাকেট তুলে দিলেন? একই সঙ্গে তাঁর প্রশ্ন, কী ভাবে প্রকাশ্যে এমন নেশার জিনিস বিক্রি করা হচ্ছে।

    খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। পুলিশ এসে দোকানের মালিককে আটক করে থানায় নিয়ে যায়। এসিপি সুবীর রায় বলেন, ‘দোকানিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)