• এখনও কি যুবসাথীর ফর্ম ফিলআপ করা যাবে? রইল গুরুত্বপূর্ণ আপডেট
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • ১ এপ্রিল থেকে ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuva Sathi Scheme) প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ (Mamata Banerjee Dharna at Dharmatala) থেকে বড় ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন ১ এপ্রিল নয়, আজ ৭ মার্চ থেকেই যুবসাথীর টাকা ঢোকা শুরু হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনি যদি আবেদন করে থাকেন, এই মুহূর্তে আপনার আবেদনের স্টেটাস কী, তা চেক করে নিতে পারেন এক ক্লিকে। তার জন্য নির্দিষ্ট পোর্টাল রয়েছে। একই সঙ্গে অনেকেরই মনে প্রশ্ন, এখনও কি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে? এই প্রতিবেদনে রইল সেই উত্তর।

    কী ভাবে আবেদনের স্টেটাস চেক করবেন?

    বাংলার যুবসাথী পোর্টালে গিয়ে আবেদন স্টেটাস চেক করতে পারেন। তার জন্য ক্লিক করতে হবে https://yubasathi.wb.gov.in/। পেজ খুললে Application Status-এ গিয়ে Check Status দেখুন। তা ছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টাল থেকেও স্টেটাস দেখতে পারেন। https://apas.wb.gov.in/ ক্লিক করে সেখান থেকেও বাংলার যুবসাথী পোর্টালে ঢুকে স্টেটাস দেখতে পারেন।

    এখনও কি আবেদন করা যাবে?

    গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শিবির করে যুবসাথীর ফর্ম বিলি হয়েছে। একই সঙ্গে অনলাইনেও আবেদনের অপশন দিয়েছিল সরকার। প্রথমেই জানানো হয়েছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিলআপ করা যাবে। ফলে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড আপাতত ওভার। পরে যদি আবারও নতুন করে আবেদন গ্রহণ করা হয়, তা হলে সরকারের তরফেই তা জানিয়ে দেওয়া হবে।

    এখনও কত আবেদন জমা পড়েছে?

    শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯০ লক্ষ থেকে প্রায় ১ কোটি ছেলে-মেয়ে এই যুবসাথী প্রকল্পের জন্য দরখাস্ত করেছেন। ২১ থেকে ৪০ বছর বয়স হলে এবং সরকারি অন্য কোনও স্কিমে টাকা না পেলে, তাঁরা মাসে দেড় হাজার টাকা (১৫০০ টাকা) ভাতা পাবেন। যাঁরা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করেছেন, এখনও চাকরি পাননি, তাঁরাই এই ভাতার জন্য মনোনীত হবেন। চাকরি পেলে এই টাকা বন্ধ হয়ে যাবে।

    কারা এই টাকা পাবেন না?

    লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য স্কলারশিপ পেলে এই টাকা পাওয়া যাবে না। তবে কন্যাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তরুণের স্বপ্নের মতো প্রকল্পের সুবিধা যাঁরা পান, তাঁরাও যুবশ্রীর টাকা পাবেন।

  • Link to this news (এই সময়)