বাংলা ভাগের জল্পনায় ক্ষুব্ধ মমতা, ধরনামঞ্চে কড়া হুঁশিয়ারি
দৈনিক স্টেটসম্যান | ০৭ মার্চ ২০২৬
সম্প্রতি বিজেপির কিছু নেতার বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলাকে ভাগ করার প্রসঙ্গ। প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অবস্থান কিংবা সাংস্কৃতিক পার্থক্যের কথা তুলে কখনও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলকে আলাদা করার কথা বলা হয়েছে, কখনও রাঢ়বঙ্গকে পৃথক করার দাবি উঠেছে। আবার কিছু নেতা সীমান্তবর্তী কয়েকটি জেলা ও বিহার সংলগ্ন অঞ্চল নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির প্রস্তাবও দিয়েছেন। এই সব মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে আন্দোলনে নেমেছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেই শুক্রবার দুপুর থেকে ধর্মতলার মঞ্চে অবস্থান শুরু করেন তিনি এবং রাতেও সেখানেই বিশ্রাম নেন। শনিবার আবারও বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন।
বঙ্গভঙ্গ প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল আরও তীব্র। মমতা বলেন, ‘কিছু শয়তান লোক এই ধারণা ছড়াচ্ছে যে বাংলা ও বিহারের কিছু অংশ আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হবে। আমি বলছি, বাংলায় হাত দিয়ে দেখুক।‘ পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্রের সরকার এখন দুর্বল অবস্থায় রয়েছে এবং অন্য দলের সমর্থনের উপর নির্ভর করেই টিকে আছে।
তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলার ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনওরকম রাজনৈতিক পদক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রয়োজনে রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়া হবে বলেই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী।