শনিবার থেকেই ব্যাঙ্কে ঢুকবে বেকার ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ০৭ মার্চ ২০২৬
এর আগে রাজ্য বাজেটে বেকারদের আর্থিক সহায়তা দিতে ‘যুবসাথী’ প্রকল্প চালুর কথা ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। তবে শনিবার ধরনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। জানানো হয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর ধরে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরও কেউ কর্মসংস্থান না পেলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিনের মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। নতুন এই মূল্য শনিবার থেকেই কার্যকর হয়েছে।
এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার মহিলাদের মিছিলের ডাকও দেন তিনি। কালো শাড়ি পরে হাতে খুন্তি ও হাতা নিয়ে পথে নামার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করছে কেন্দ্রের এই সিদ্ধান্ত।