• পরীক্ষা শেষের পরেই দশম শ্রেণির পড়ুয়াকে খুন, অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • কুপিয়ে খুন করা হয়েছে দশম শ্রেণির এক পড়ুয়াকে বলে অভিযোগ। খুনের অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে। পরীক্ষা শেষ হওয়ার পরেই তাকে স্কুল চত্বরের বাইরে ধারালো চুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দামো শহরের ঘটনা। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত আট জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ঋষি আহিরওয়ার (Rishi Ahirwar)। শুক্রবার স্কুলের ফাইনাল পরীক্ষার (School Examination) পরেই তাকে খুন করা হয়েছে।

    জানা গিয়েছে, ঋষির বাড়ি ইমলাই গ্রামে। পরীক্ষা দেওয়ার জন্যই দামো শহরে এসেছিল সে। দামো (Damoh) শহরের ওজস্বিনী স্কুলের বাইরে ওই ঘটনা ঘটে। পরীক্ষা দিয়ে স্কুলের বাইরে আসা মাত্রই কয়েক জন পড়ুয়া ঘিরে ধরে বছর ১৫-এর ঋষিকে। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগেই সহপাঠীদের সঙ্গে বিবাদ হয়েছিল ঋষির। তারই বদলা নিতে সহপাঠীরা ধারালো চুরি দিয়ে তাকে আক্রমণ করে।

    সূত্রের খবর, পরীক্ষা চলাকালীন প্রশ্নের উত্তর বলে দেওয়ায় জন্য ঋষিকে বলেছিল কয়েক জন সহপাঠী। তবে তাদের উত্তর বলে দিতে অস্বীকার করে সে। এ নিয়ে তাদের মধে বচসা হয়। পরীক্ষার পরে ‘দেখে নেওয়া হবে’ বলে তাকে হুমকিও দিয়েছিল সহপাঠীরা।

    তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, স্কুলের গেটের বাইরেই আক্রমণ করা হয় ঋষিকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এর পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ঋষির পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা।

    এই খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দামোর পুলিশ সুপার শ্রুতকীর্তি সোমবংশী (Shrutkirti Somvanshi)। ওই খুনের ( Student killed) ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে আটক করা হয়েছে। তারা সকলেই নাবালক (minors) বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)