• সেপটিক ট্যাঙ্কেই মৃত্যুর ফাঁদ, দেওয়াল ভেঙে বার করা হলো শ্রমিকের দেহ
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • সেপটিক ট্যাঙ্ক (Septic Tank) পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কুলতলিতে (Kultali)। মৃতের নাম জয়দেব হালদার। বছর ৪৫ বয়স হবে। জয়নগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, শনিবার সকালে কুলতলির কেল্লা অম্বিকানগর এলাকার একটি কমিউনিটি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য তাঁর কাছে ফোন আসে। নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে বাজার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে কাজে নেমে পড়েন জয়দেব।

    স্থানীয় সূত্রে খবর, কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই আচমকা একটি শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। এর পরে সেপটিক ট্যাঙ্কের দেওয়াল ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। জয়নগর–কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    এক প্রত্যক্ষদর্শী জানান, সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে মই দিয়ে ভিতরে নামেন জয়দেব। তার আগে দেখে নেন বর্জ্য কতটা গভীর। এর পরে মই বেয়ে নীচে নামেন। নীচে নামলেও আর সাড়াশব্দ পাওয়া যায়নি। এর পরে স্থানীয় লোকজন দেওয়াল ভেঙে বের করে আনে তাঁকে। যদিও ততক্ষণে সব শেষ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, এই কাজের জন্য পর্যাপ্ত যে সুরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন, তা কি ছিল?

  • Link to this news (এই সময়)