বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের আধিকারিকরা। অন্য দিকে, চূড়ান্ত তালিকায় ‘Under Adjudication’ থাকা ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছেন কলকাতা হাইকোর্টের নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। রাজ্যের CEO দপ্তর সূত্রে খবর, শনিবার পর্যন্ত মোট সাড়ে আট লক্ষ নথি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় মোট প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘Under Adjudication’ ছিল। শুক্রবার পর্যন্ত ভোটাদের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ হয় সাড়ে সাত লক্ষ ভোটারের। শনিবার সেই সংখ্যাটা হয় সাড়ে আট লক্ষ। অর্থাৎ, এখনও প্রায় ৫২ লক্ষ ৫০ হাজার ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ বাকি রয়েছে।
এমত অবস্থায় রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ-এর সদস্যরা। কত দফায় নির্বাচন সম্পন্ন করা হবে, আইন-শৃঙ্খলার কী পরিস্থিতি রয়েছে সে ব্যাপারে এই বৈঠকে পর্যালোচনা করা হবে। রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল বলেন, ‘কাল রাতে ওঁরা আসছেন। পরের দিন সকাল থেকে বৈঠক হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনার জন্য এই মিটিং হবে।’
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (প্রথম পর্যায়) প্রকাশের কয়েকদিন পরেই সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে নথি যাচাইয়ের কাজ শুরু করেন রাজ্যের প্রায় ৫০০ জুডিশিয়াল অফিসাররা। তবে মার্চের মধ্যে এই কাজ শেষ হয় নিয়ে সংশয় রয়েছে। সেই কারণে পার্শ্ববর্তী রাজ্য ওডিশা ও ঝাড়খণ্ড থেকে আরও ২০০ জুডিশিয়াল অফিসার নিয়ে আসা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনা, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলার নথি যাচাইয়ের কাজ করবেন।