আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত দৃশ্য। গেরুয়া বসনে রাস্তায় বিজেপির পরিবর্তন যাত্রা। আর রাস্তার দুপাশে দলীয় পতাকা হাতে উপস্থিত তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক। ক্রমাগত জয় বাংলা শ্লোগান। করা পুলিশি প্রহরায় উত্তরপাড়া অতিক্রম করলো বিজেপির কর্মসূচি। বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে সৃষ্টি হলো উত্তেজনা। রাস্তার পাশ থেকে উঠলো 'মোদি হঠাও' স্লোগান। তৎপর পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হলো পরিস্থিতি। দাঁড়িয়ে থেকে পরিবর্তন যাত্রার গাড়ি পার করলো পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তরপাড়া থানার অন্তর্গত জিটি রোডের উপর। তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জির অফিসের সামনে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা যাওয়ার সময় বিপত্তি। হঠাৎ'ই চারদিক থেকে 'জয় বাংলা' স্লোগান উঠতে থাকে। সঙ্গে মোদি হঠাও স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। সাময়িক উত্তেজনা সামাল দেয় চন্দননগর পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে গাড়ি চলাচল স্বাভাবিক রাখে। এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জি বর্তমানে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন। এদিন তিনি বলেছেন, বিজেপির পরিবর্তন যাত্রাকে তিনি স্বাগত জানিয়েছেন। কারণ ওরা মোদি সরকারের পরিবর্তন চাইছে। কয়েকটা বাইক আর দুটো গাড়ি নিয়ে এই পরিবর্তন যাত্রা, সম্পূর্ণই ফ্লপ শো।