• হুগলিতে ওষুধের দোকানে বচসা, তদন্তে পুলিশ
    আজকাল | ০৮ মার্চ ২০২৬
  • মিল্টন সেন: ওষুধের দামে নয়, ব্যাপক গরমিল ধরা পড়েছে ব্যাচ নম্বরে। জানা গিয়েছে, টাকা খরচ করে ওষুধ কেনার পর বিলের সঙ্গে ওষুধের ব্যাচ নম্বর না মেলায় উদ্বিগ্ন ক্রেতারা। সম্প্রতি কলকাতায় এমন ঘটনার পর এবার একই অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ায়।

    জানা গিয়েছে, হুগলির বালির মোড় এলাকায় একটি অ্যাপোলো ফার্মেসির দোকান থেকে নিয়মিত ওষুধ কেনেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাতে এক ক্রেতা ওই দোকান থেকে পাঁচটি ওষুধ কেনেন। বাড়ি গিয়ে তিনি লক্ষ্য করেন, তাঁর কেনা দুটি ওষুধের ব্যাচ নম্বর বিলের সঙ্গে মিলছে না।

    বিষয়টি বুঝতে পেরে তিনি আবার দোকানে ফিরে এসে কর্মচারীদের বিষয়টি জানান। অভিযোগ শুনে দোকানের এক কর্মী জানান, ওষুধ ঠিকই দেওয়া হয়েছে, তবে ব্যাচ নম্বরটি ভুলভাবে লেখা হয়েছে। এরপর ক্রেতা ওই ব্যাচ নম্বরের ওষুধ দিতে বললে কর্মী জানান, সেই ব্যাচ নম্বরের ওষুধ দোকানে মজুত নেই।

    এই নিয়ে ক্রেতা ও দোকানের কর্মচারীদের মধ্যে বচসা শুরু হয়। উপস্থিত অন্য ক্রেতারাও তখন নিজেদের কেনা ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখতে শুরু করেন। তখনই এক ক্রেতা জানান, প্রায় সপ্তাহখানেক আগে কেনা তাঁর একটি ওষুধের ক্ষেত্রেও একই ধরনের গরমিল তিনি লক্ষ্য করেছিলেন, যদিও সে সময় বিষয়টিকে গুরুত্ব দেননি।

    ঘটনার জেরে দোকানে উত্তেজনা তৈরি হয়। ক্রেতাদের অভিযোগ, অসুস্থ মানুষের প্রয়োজনেই পরিবারের সদস্যরা ওষুধ কিনতে আসেন। কিন্তু ওষুধ নিয়েই যদি সন্দেহ তৈরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগকারী ক্রেতা রামকৃষ্ণ শিকদার বলেন, ‘ডাক্তারের পরামর্শ মতো ওষুধ কিনেছিলাম। কিন্তু পরে দেখি বিলে যে ব্যাচ নম্বর লেখা রয়েছে, হাতে পাওয়া দুটি ওষুধের ব্যাচ নম্বর তার সঙ্গে মিলছে না। এই ওষুধ খেয়ে যদি আমার শরীরে কোনও সমস্যা হয়, তার দায় কে নেবে?’

    তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন, যাতে ভবিষ্যতে অন্য কোনও রোগী বা তার পরিবারকে এমন সমস্যার মুখে পড়তে না হয়।

    অন্যদিকে দোকানের এক কর্মী দাবি করেছেন, কর্মীর অভাবের কারণে সম্ভবত ব্যাচ নম্বরটি সঠিকভাবে নথিভুক্ত করা যায়নি। তাঁর মতে, এটা অনিচ্ছাকৃত ভুল এবং সেই কারণেই এই বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
  • Link to this news (আজকাল)