• মাঝরাস্তায় ‘অ্যাকশন’! দুষ্কৃতীকে জাপটে ধরলেন সেনা জওয়ান, বানচাল ডাকাতির ছক
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যায় যা ঘটল, হার মানাবে সিনেমার গল্পকেও। যশোর রোডের মোড়ে এক সশস্ত্র দুষ্কৃতীকে পাকড়াও করলেন এক সেনা জওয়ান। একই সঙ্গে ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। জনবহুল এলাকায় এমন কাণ্ড দেখে রীতিমতো হতবাক পথচলতি মানুষ। সেনা জওয়ানের তৎপরতায় এ দিন একটি নামী গয়নার দোকানে বড়সড় ডাকাতির ছক বানচাল হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

    সূত্রের খবর, বীর জওয়ানের নাম সুমিত ঘোষ। তিনি হাবড়ার হাটথুবা এলাকার বাসিন্দা। এ দিন সন্ধ্যায় তিনি অটোয় করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাঁর নজরে পড়ে, যশোর রোডের ধারে একটি নামী গয়নার দোকানের সামনে এক সশস্ত্র যুবক নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলা করছেন। ওই যুবকের হাতে বন্দুক দেখতে পেয়ে এক মুহূর্তও দেরি করেননি সুমিত। অটো থেকে নেমে দৌড়ে গিয়ে তিনি পিছন থেকে দুষ্কৃতীকে জাপটে ধরেন। ধস্তাধস্তি চলাকালীন দুষ্কৃতীকে মাটিতে শুইয়ে কাবু করে ফেলেন সুমিত। পরে পথচলতি মানুষও এগিয়ে এসে সুমিতকে সাহায্য করেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধৃত যুবক ঠিক কী কারণে ওই দোকানে ঢুকেছিল এবং সঙ্গে আর কেউ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

    হাবড়ার অন্যতম ব্যস্ত রাস্তায় এমন ঘটনা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে সেনা জওয়ান সুমিতের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা সকলেই। অনেকের মতে, সেনা জাওয়ান তৎপরতাতেই এ দিন বড় বিপদ এড়ানও সম্ভব হয়েছে।

  • Link to this news (এই সময়)