এই সময়: অনুপ্রবেশ, বেকারত্ব, দুর্নীতির মতো চার–পাঁচটি ইস্যুর উপরে ফোকাস করে এ বারের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। তবে জেন–জি়র কথা মাথায় রেখে প্রচার কৌশল সাজাচ্ছে তারা। আর সেখানেই গুরুত্ব পেয়েছে রিল ভিডিয়ো। বিজেপি নেতৃত্ব উপলব্ধি, দিনের অনেকটা সময়েই জেন–জি়র চোখ থাকে মোবাইলের পর্দায়। তাই সেই পর্দাতেই বিজেপি ভাসিয়ে দিতে চাইছে তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা ইস্যুভিত্তিক রিল।
সোশ্যাল মিডিয়া প্রচারের দিকে বিজেপির ঝোঁক শুরু থেকেই। যদিও সেই নিরিখে বাংলায় বিজেপিকে টেক্কা দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি বিরোধীদের নানা ‘ন্যারেটিভ’–এর জবাব দিতে এবং নিজেদের ‘ন্যারেটিভ’গুলিকে সাধারণ ভোটারদের মধ্যে ছড়িয়ে দিতে ‘ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি শুরু করেছে জোড়াফুল শিবির। তাদের এই তৎপরতা দেখে বিধানসভা ভোটের মুখে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সম্প্রতি দলের ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র উদ্বোধন করতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কী কী কাজ করবে, তার লম্বা ফিরিস্তি দিয়ে গিয়েছিলেন তিনি। যেমন, সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন চালু, সব সরকারি শূন্যপদে ক্ষমতায় আসার পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা ইত্যাদি। পরিবর্তন যাত্রা থেকে বঙ্গ–বিজেপি নেতারা এই আশ্বাসগুলি উত্থাপনও করছেন।
কিন্তু বিজেপির পর্যালোচনা, নেতাদের নিরস প্রতিশ্রুতি বাংলার জেন–জি়দের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। তাই তাঁদের মন ছুঁতে বিজেপি ফোকাস করেছে ভিডিয়ো প্রচারে। সেগুলির অংশবিশেষ কেটে রিল তৈরি করে ছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দলের আইটি সেলের এক নেতার কথায়, ‘বিজেপি ক্ষমতায় এলে সব সরকারি শূন্যপদে নিয়োগ হবে। এই প্রতিশ্রুতিটার চিত্রনাট্য তৈরি করে চার–পাঁচ মিনিটের একটি ভিডিয়ো বানানো হয়েছে। যেখানে একটি গল্প আছে। যাতে রাজনৈতিক বার্তাগুলি সাধারণ মানুষের কাছে সহজবোধ্য হয়ে ওঠে। কিন্তু জেন–জি়র প্রবণতা হলো তিরিশ–চল্লিশ সেকেন্ডের রিল দেখা। তাই বিষয়টিকে একদম তাঁদের মনের মতো করতে ওই ভিডিয়োর গুরুত্বপূর্ণ অংশগুলি কেটে রিল বানানো হচ্ছে।’
বিজেপি সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশ, যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান, নারী ক্ষমতায়নের মতো নানা বিষয়ে এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের সমস্যগুলির উপরে ফোকাস করে ভিডিয়ো বানানোর কাজ চলছে। তবে জেন জি়–সহ বিভিন্ন বয়সের ভোটারদের টার্গেট করে বিজেপির এই তৎপরতাকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘বিজেপি রিল লাইফে থাকবে। আমরা রিয়েল লাইফে থাকব।’