• হাওড়া ডিভিশনে চলবে রক্ষণাবেক্ষণ, SSC গ্রুপ–ডি পরীক্ষার দিনে বাতিল প্রচুর ট্রেন
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • এই সময়: আজ, রবিবার স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী (গ্রুপ–ডি) নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৯ হাজারের কিছু বেশি। তার মধ্যে ৪ হাজারের বেশি ভিন রাজ্যের প্রার্থী। রবিবারই, হাওড়া ডিভিশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিভিন্ন শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু এক্সপ্রেস ট্রেনের সময়ও বদল করা হয়েছে। কাটোয়া, বর্ধমান, আজিমগঞ্জ, পাণ্ডুয়া, মেমারি, ব্যান্ডেল, ডানকুনি, চন্দনপুরের পাশাপাশি শিয়ালদায় সেকশনেও বিভিন্ন সময়ে ট্রেন বাতিল থাকছে। চাকরিপ্রার্থীদের একাংশের আশঙ্কা, এর ফলে তাঁদের পরীক্ষা দিতে যাওয়া ও ফেরার সময়ে অসুবিধা হবে। গ্রুপ–সি পরীক্ষায় ১ মার্চও একই কারণে পরীক্ষার্থীদের অনেকেই সমস্যায় পড়েছিলেন।

    রাজ্যজুড়ে ১,৭০৭টি কেন্দ্রে হবে আজ গ্রুপ–ডি পরীক্ষা হবে। পরীক্ষা শুরু দুপুর ১২টায়। পরীক্ষায় বরাদ্দ ৪০ নম্বর। এসএসসি–র তরফে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দু’‌ঘণ্টা আগে সকাল ১০টার মধ্যে নিজেদের কেন্দ্রে পৌঁছতে হবে। যাতে দেহ তল্লাশিতে কোনও সমস্যা না হয়। প্রত্যেক কেন্দ্রেই মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা থাকছে।

    হিসেব অনুযায়ী, পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষের বেশি। তাঁদের সঙ্গে থাকবেন অভিভাবকেরা। ফলে ছুটির দিনে গ্রুপ ডি পরীক্ষা হলেও প্রায় ১৫ লক্ষের কাছাকাছি মানুষ রাস্তায় বেরোবেন। ডানকুনি, ব্যান্ডেল, মেমারি, বর্ধমান থেকে বহু পরীক্ষার্থী ট্রেনে আশপাশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন। ট্রেন বাতিল হওয়ায় বিস্তর সমস্যায় পড়তে চলেছেন তাঁরা। যদিও এ ব্যাপারে এসএসসি–র কোনও বক্তব্য জানা যায়নি। সরকারি সূত্রে খবর, অনেক আগেই সমস্ত দপ্তরেই গ্রুপ ডি পরীক্ষা সম্পর্কে বিশদে জানানো হয়েছিল।

    গ্রুপ সি–র মতো এ দিনের পরীক্ষাতেও পরীক্ষার্থীদের জুতো ও মোজা অথবা পা ঢাকা জুতো পরে আসতে নিষেধ করা হয়েছে। কমিশনের তরফে হাওয়াই চটি বা খোলা চপ্পল পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। গয়না বা মেটালের কোনও জিনিস, বেল্ট পরেও পরীক্ষা হলে ঢোকা যাবে না। মোবাইল–সহ কোনও রকম বৈদ্যুতিন যন্ত্র ও ক্যালকুলেটর নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হলের বাইরে বেরোনো যাবে না।

  • Link to this news (এই সময়)