নারীকে শুধু আন্তর্জাতিক নারী দিবসেই (International Women's Day) সম্মান জানানো নয়, বাংলায় নারীকে সম্মান জানানোটাই প্রথা। বাংলার সংস্কৃতি, চেতনায়, এই ধারা মিশে রয়েছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার X পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলায় নারীকে সম্মান কোনও প্রতীকী বিষয় নয়, এটি আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে।’
নারীই জীবনকে রূপ দেয়। এ দিন সেই নারীশক্তির কথাই বলেছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘সেই সব নারীর শক্তি, মর্যাদা ও অদম্য সাহসের কথা স্মরণ করছি, যাঁরা আমাদের জীবনকে প্রতিনিয়ত গড়ে তুলছেন। বাংলায় নারীদের প্রতি সম্মান কেবল প্রতীকী নয়, তা আমাদের সংস্কৃতির গভীরে প্রোথিত।’ দুর্গা বাঙালির ঘরের মেয়ে। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘আমরা দুর্গাকে আমাদের ঘরের মেয়ে হিসেবে পুজো করি। এই ভূখণ্ডকে মা বলে ডাকি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কথাও উঠে এসেছে অভিষেকের পোস্টে। তিনি লিখেছেন, ‘গত পনেরো বছর ধরে বাংলার নেতৃত্বে রয়েছেন এক নারী, যাঁর সাহস ও দৃঢ় বিশ্বাস দেশকে দেখিয়েছে দৃঢ়প্রতিজ্ঞ নেতৃত্ব কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারীর ক্ষমতায়ন শুধু কথার কথা হয়ে থাকেনি, লক্ষ লক্ষ নারীর জীবনে তা এনে দিয়েছে নতুন সুযোগ এবং মর্যাদা।’
বাংলার মহিলাদেরও কুর্নিশ জানিয়েছেন অভিষেক। বাংলার মহিলারাই তাঁকে অনুপ্রাণিত করে জানিয়ে তৃণমূল সাংসদ লিখেছেন, ‘বাংলার প্রকৃত শক্তি তার নারীরা। যাঁদের সাহস এবং সাফল্য আমাদের শক্তিশালী, ন্যায়সঙ্গত ও সমান অধিকারের সমাজ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।’