৪০ বছরের পুরনো কাঠের মিল। শাল ও সেগুন মিলিয়ে ছিল লক্ষাধিক টাকার কাঠ। রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সেই কাঠের মিল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির (Raidighi) কাছাড়ি মোড়ে একটি কাঠের মিলে। শনিবার গভীর রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী দেখেন ওই কাঠের মিলে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গেই চিৎকার শুরু করেন তাঁরা। সেই চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে যান। তারপরেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।
যদিও মুহূর্তে আগুন বিধ্বংসী আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘির থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন (Fire Engine)। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সব পুড়ে ছাই হয়ে যায়। কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয় পড়ে বলে জানিয়েছেন দমকলের কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল (TMC) সাংসদ বাপি হালদার।
তিনি বলেন, ‘ফায়ার সেফটি ছিল না, দমকলের গাড়ি ঢোকার মতো রাস্তা নেই। এত বড় কাঠের গুদাম, এই বিষয়গুলি মাথায় রাখা হয়নি কেন বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।’ স্থানীয় সূত্রে খবর, প্রায় ৪০ বছরের বেশি পুরনো এই কাঠের মিলে শাল ও সেগুন কাঠ মজুত ছিল। আগুনের জেরে মিলের বিপুল পরিমাণ কাঠ পুড়ে যাওয়ায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান এলাকাবাসীর। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের (Short Circuit) জেরেই এই আগুন লাগতে পারে। তবে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন।