• তৃণমূলের কর্মসূচিতে সরকারি স্কুলের ছাত্রীরা, বিতর্ক
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • রঘুনাথগঞ্জ: আজ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস (International womens day)। তার আগে শনিবার সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মসূচিতে সরকারি স্কুলের ছাত্রীদের অংশগ্রহণ ঘিরে বিতর্ক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী হালিমা খাতুনের নেতৃত্বে একটি পদযাত্রা হয়। অভিযোগ, সেই পদযাত্রায় একটি সরকারি স্কুলের বেশ কিছু ছাত্রীকে অংশগ্রহণে বাধ্য করা হয়েছে।

    বিরোধীদের দাবি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের দলীয় কর্মসূচিতে ব্যবহার করা উচিত নয়। বহরমপুরের প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘যদি এমনটা হয়ে থাকে, তা হলে খুব অন্যায় কাজ হয়েছে। কোনও দলীয় মিছিলে পড়ুয়াদের ব্যবহার করা যায় না।’ জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ-সভাপতি সুরজিৎ দাসের কটাক্ষ, ‘কোথাও সরকারি দপ্তরের কর্মীদের, কোথাও আশাকর্মী ও কোথাও আইসিডিএস কর্মীদের ব্যবহার করা হয় মিছিলে লোক ভরাতে। এটা তৃণমূলের ঐতিহ্য। যেখানে লোক হয় না, সেখানেই তারা এমনটা করে থাকে। তৃণমূলের এতটাই দুর্দিন এসেছে যে, নারী দিবসের মিছিলেও স্কুল পড়ুয়াদের হাঁটতে বাধ্য করা হচ্ছে।’

    যদিও অভিযোগ অস্বীকার করেছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন। তিনি বলেন, ‘স্কুলের ছাত্রীদের হাতে কোনও দলীয় পতাকা দেওয়া হয়নি। আমাদের কর্মীরাই দলীয় পতাকা নিয়ে মিছিলে ছিলেন। নারী দিবস উপলক্ষে সচেতনতার বার্তা দিতেই এই পদযাত্রা করা হয়েছে। সরকারের উন্নয়ন নিয়ে আমরা বলেছি। কারণ, সরকারের ‘কন্যাশ্রী’ ও ‘সবুজ সাথী’ প্রকল্পের সুবিধা যে সমস্ত পড়ুয়া পেয়ে থাকে, তাদের নিয়ে এই মিছিল হয়েছে। মেয়েদের জন্য সরকার যে প্রকল্প চালু করেছে, তার সুফল আমরা নারী দিবসে তুলে ধরেছি মাত্র। কোনও রাজনীতি নেই।’

  • Link to this news (এই সময়)