ফাল্গুনেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী কয়েক দিন যখন তখন চমকে দিয়ে নামতে পারে বৃষ্টি। তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর (Kolkata Weather)। আজ, রবিবার অতি হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিংয়ে। সোম-মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দোসর হতে পারে বজ্রবিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়া। প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
ফাল্গুনে হঠাৎ করে হাওয়া বদল। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির পূর্বাভাস গোটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া দিতে পারে।
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস গোটা উত্তরবঙ্গে।
বুধবার বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া জেলাকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তবে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আজ দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।