রাষ্ট্রপতির সভা নিয়ে বিতর্ক, রিপোর্ট চাইল কেন্দ্র
আজকাল | ০৮ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভা ঘিরে বিতর্ক আরও দানা বাঁধছে। রাষ্ট্রপতির সভার স্থানবদল কেন করা হয়েছিল, তা নিয়েই মূলত বিতর্ক শুরু হয়েছে। এবার এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলার মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।
সূত্রের খবর, গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরে কী কী ঘটেছে, স্থানবদল কেন করা হয়েছে, প্রশাসন কী কী পদক্ষেপ করা হয়েছে, সবটাই লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। রবিবার সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে রিপোর্ট চেয়ে নির্দেশিকা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। নির্দেশিকায় এও বলা হয়েছে, আজ বিকেল পাঁচটার মধ্যেই মুখ্যসচিবকে রিপোর্ট জমা দিতে হবে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে উত্তরবঙ্গে আসার কথা ছিল রাষ্ট্রপতি মুর্মুর। কিছু কারণে তাঁর সফরসূচির পরিবর্তন হয়। শনিবারসকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। শিলিগুড়িতে আদিবাসী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আগের অনুষ্ঠান সূচি অনুযায়ী, ফাঁসিদেওয়ার বিধাননগরে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু নিরাপত্তার কারণে গোঁসাইপুর থেকে ভার্চুয়াল মাধ্যমে সাঁওতাল কনফারেন্সে যোগ দেন তিনি। এই স্থান পরিবর্তন নিয়েই অসন্তুষ্ট হন রাষ্ট্রপতি মুর্মু।