• প্রথম ভাষণেই মমতার দরাজ সার্টিফিকেট পেয়ে কেমন লাগছে? bangla.aajtak.in-কে জানালেন প্রতীক উর
    আজ তক | ০৮ মার্চ ২০২৬
  • 'ডিডি গেঞ্জির উপর যেমন চোখ বন্ধ করে ভরসা করা যায়, তেমনই বাংলায় দিদি একটি ব্র্যান্ড। দিদির ওপরও চোখ বন্ধ করে ভরসা করা যায়।' ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই বর্ণনা করেন প্রতীক উর রহমান। পাশাপাশি নিজের ভাষণে কমিশন এবং বিজেপিকেও তুলোধনা করেন এই তৃণমূল নেতা। তারপর প্রতীক উরের প্রশংসা করতেও কার্পণ্য করেননি দলের 'নম্বর ১'। সকলের সামনেই প্রতীক উরকে মমতার দরাজ সার্টিফিকেট, 'খুব ভাল বলেছ। একটু জল খাও।' 

    আর প্রথমবার TMC-এর এত বড় মঞ্চে বলার সুযোগ পেয়ে নতুন দলের সর্বময়ী কর্ত্রীর থেকে এহেন প্রশংসা পেয়ে স্বভাবতই খুশি প্রতীক উর। তিনি bangla.aajtak.in-কে ফোনে বলেন, 'দলের একজন সাধারণ কর্মী হিসেবে, বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমোর থেকে প্রশংসা পেয়ে খুবই ভাল লাগছে। আমি ভাবতেই পারিনি উনি এমনটা বলবেন। আমি আপ্লুত।'

    পাশাপাশি তাঁর আরও সংযোজন, 'উনি শুধু প্রশংসা করেননি। তাঁর বক্তব্যের মধ্যে মমত্বও ছিল। তিনি কেয়ারিং।'

    এত বড় মঞ্চে বলার সুযোগ মিলবে ভেবেছিলেন? 
    তিনি তৃণমূলে 'আদি' নন। বরং 'নব্য'। আরও নির্দিষ্ট করে বললে, 'অত্যন্ত নবীন'। আর সেই প্রতীক উরকেই তৃণমূল নিজেদের ধর্নামঞ্চে বলার সুযোগ করে দিল। তাই নিয়েই প্রশ্ন ছিল প্রতীক উরের কাছে। তিনি কি আদৌ ভেবেছিলেন যে এতবড় মঞ্চে তাঁকে বলার সুযোগ দেওয়া হবে? তাঁর উত্তর, 'আমি জীবনে ভাবনি এত বড় সুযোগ মিলবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে বলতে দিয়েছে দল। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি দলের কাছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।'

    বিজেপি ও কমিশনকে আক্রমণ
    শনিবার ধর্নামঞ্চ থেকে বারবারই কেন্দ্রের বিজেপি সরকার এবং কমিশনকে আক্রমণ করেছেন প্রতীক উর। তিনি বলেন, 'ভ্যানিশকুমার যতই চেষ্টা করুক না কেন, ভোটের পর বাংলার মানুষই বিজেপিকে ভ্যানিশ করে দেবে।' এখানেই শেষ না করে তাঁর আরও বক্তব্য ছিল 'যে দিন ভারত ভাগ হয়েছিল, তখন ভারতীয় মুসলমানরা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাথি মারি তোর পাকিস্তানকে, এই দেশ আমার।' 

    পাশাপাশি তাঁকে এ দিন 'জয় বাংলা' স্লোগান দিতেও দেখা যায়। আর সেই স্লোগানেরই প্রতিধ্বনি দিতে শোনা যায় কর্মী সমর্থকদের। তাতেই বোঝা যায় যে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছে।

    পরিশেষে তাঁর কাছে প্রশ্ন ছিল, আপনি তো আজ বিজেপি এবং কমিশনকে এত আক্রমণ করলেন, বামেদের বিরুদ্ধে তো একটা শব্দও খরচ করা হল না? তখন প্রতীক উরের বক্তব্য, 'এই ধর্না ছিল SIR বিরোধী। কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনের সঙ্গে মিলে অসহায় ভারতীয়দের নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে। আজকের এই ধর্নামঞ্চ থেকে তাই বিজেপি এবং কমিশনকে আক্রমণ করা হয়েছে। অহেতুক অন্য দলকে টেনে আনব কেন?' পাশাপাশি তাঁর দাবি, 'যখন প্রয়োজন হবে, তখন নিশ্চয়ই বামেদের বিরুদ্ধে বলব। এই মঞ্চ তার জন্য নয়।'

     
  • Link to this news (আজ তক)