এই সময়, বারাবনি: বিজেপির (BJP) পরিবর্তন যাত্রা উপলক্ষে দলীয় পতাকা টাঙানো হচ্ছিল। সেই সময়ে তৃণমূল (TMC) কর্মীদের উপরে আক্রমণ চালানোর অভিযোগে শুক্রবার গভীর রাতে বিজেপি কর্মীদের বাড়িতে ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়। তবে অভিযুক্তদের কাউকেই বাড়িতে পায়নি পুলিশ। এই ঘটনায় মিথ্যা মামলা সাজানোর অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূলের পাল্টা দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা না-হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি ছিল। ওই দিন সকাল থেকে বারাবনির বিস্তীর্ণ এলাকা জুড়ে তার প্রচারে নেমেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বারাবনির গৌরান্ডি এলাকায় দলীয় পতাকা টাঙানোর সময়ে দলের কর্মীদের উপরে চড়াও হন তৃণমূলের একদল কর্মী। বেধড়ক মারা হয় বিজেপি কর্মীদের। তবে পাল্টা মার দেওয়া হয় বিজেপির তরফেও। দু'পক্ষের বেশ কয়েক জন রক্তাক্তও হন। গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরে তৃণমূলের তরফে রফিক খান নামে এক কর্মী বারাবনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে রুনাকুড়া ঘাট দিয়ে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়ে পথ অবরোধ করেন একদল তৃণমূল সমর্থক। ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পুলিশ বারাবনির বিস্তীর্ণ এলাকা জুড়ে অভিযান চালায়।
অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, সাত জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযান চালিয়ে কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। এদিকে দলের কর্মীদের নামে মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টচার্য। তিনি বলেন, 'বিজেপির কর্মীদের মারধর করা হলো, আবার তাঁদের নামে মিথ্যা মামলাও দেওয়া হলো। আমরা এর প্রতিবাদে জেলা জুড়ে তীব্র আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি।' তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ পাল্টা দাবি করেছেন, 'বহিরাগতদের নিয়ে এসে যথেচ্ছ গুন্ডামি করেছে বিজেপি। পুলিশকে ব্যবস্থা নিতে হবে।'