রাষ্ট্রপতি ইস্যুতে এ বার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল অমিত শাহের (Amit Shah) মন্ত্রক (Ministry of Home Affairs)। শনিবার কী হয়েছিল, পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হলো রাজ্যের মুখ্যসচিবের কাছে। রবিবার বিকেল ৫টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই রিপোর্ট দেওয়ার কথা মুখ্যসচিবের। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India Draupadi Murmu) শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু সেখানে রাজ্যের মন্ত্রিসভার কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। শিলিগুড়িতে দাঁড়িয়েই এ নিয়ে অনুযোগের সুর শোনা যায় রাষ্ট্রপতির গলায়। এ নিয়ে এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ বার এ নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সূত্রের খবর, রবিবার সকালেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে একটি চিঠি এসেছে। শনিবার কী কী ঘটেছিল, তা জানাতে বলা হয়েছে সেখানে। শনিবারই যে ভাবে ঘটনাক্রম এগিয়েছে, তাতে বোঝা গিয়েছিল এ নিয়ে বিতর্ক অনেক দূরই এগোবে।
ঘটনার সূত্রপাত শনিবার রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল নিয়ে। শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল শনিবার। সেই অনুষ্ঠানের স্থান বদল হয়। যা একেবারেই ভালো ভাবে নেননি রাষ্ট্রপতি। কোনও রাখঢাক না করেই তা তিনি জানানও।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘মমতা দিদি আমার ছোট বোনের মতো। তিনি হয়তো কোনও কারণে আমার উপরে রাগ করেছেন। এখানে এত বড় মাঠ রয়েছে, সভা করতে কোনও অসুবিধা হওয়ার কথা ছিল না। আসলে ইচ্ছে করেই এই মাঠে আমাদের সভা করতে দেওয়া হয়নি। ঠিক আছে, তাতে আমার কোনও আক্ষেপ, অনুশোচনা নেই।’ একই সঙ্গে দ্রৌপদী মুর্মু জানান, তিনিও বাংলার মেয়ে, অথচ তাঁকে বাংলায় আসতে দেওয়া হয় না।
এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এই ঘটনায় তৃণমূল সরকারের নিন্দায় সরব হন। মোদী এক্স হ্যান্ডলে লেখেন, এই ঘটনা লজ্জাজনক। তৃণমূল সরকার শালীনতার সীমা পার করে গিয়েছে। অমিত শাহ এই ঘটনাকে নৈরাজ্যের প্রদর্শন বলে মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শনিবার ধর্মতলার মঞ্চ থেকে পাল্টা সুর চড়ান। বিজেপি ও রাষ্ট্রপতিকে যুগপৎ নিশানা করে মমতা বলেন, ‘মাননীয়া রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি বিজেপির পলিসি, বিজেপির ইনস্ট্রাকশনের কাছে ট্র্যাপড হয়ে গিয়েছেন।’ এ নিয়ে সরগরম রবিবারের সকালও। এ নিয়ে এ বার মুখ্যসচিবের রিপোর্ট তলব দিল্লির।