• সক্রিয় রাজনীতিতে নিশান্ত, বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদে নীতীশ পুত্রের নাম নিয়ে জল্পনা
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • রাজনীতিতে পা রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) পুত্র নিশান্ত। রবিবার পাটনাতে তিনি জনতা দলে (ইউনাইটেড) (JDU) যোগ দিয়েছেন। বিহারে যখন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার, তখনই ছেলে নিশান্তের রাজনৈতিক উত্থান পাটলিপুত্রে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।

    রাজ্যসভায় প্রার্থী হয়েছেন জনতা দলের (ইউনাইটেড) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জমা দিয়েছেন মনোনয়নও। খুব শীঘ্রই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ। সেই ফাঁকেই ছেলেকে রাজনীতিতে এনে জোট শরিক বিজেপিকে কোনও বার্তা দিলেন কি এই বর্ষীয়ান নেতা? উঠছে প্রশ্ন।

    এ দিন JDU-তে যোগ দিয়ে নিশান্ত বলেন, ‘সক্রিয় সদস্য হিসেবে দলের দায়িত্ব নেব। বাবা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যসভায় যাওয়ার। ওটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর আমি সেটাকে সম্মান জানাই। আমরা সবাই তাঁর নির্দেশ মতোই কাজ করব। দল ও জনগণের আস্থা পূরণের চেষ্টার সঙ্গে সঙ্গে, সংগঠনকে শক্তিশালী করব।’

    সূত্রের খবর, নিশান্তকে উপ মুখ্যমন্ত্রী করার ব্যাপারে বিজেপি নেতৃত্বের কাছে প্রস্তাব পাঠিয়েছেন জনতা দলের (ইউনাইটেড) প্রধান নীতীশ। গেরুয়া শিবিরের তরফে সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয় কি না, সেটাই এখন দেখার। নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ও রাজ্যসভায় প্রার্থী হওয়ার বিষয়ে বেজায় ক্ষুব্ধ ছিল তাঁর দলের কর্মীরা। গোটা বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে বিক্ষোভ দেখিয়েছিলেন জনতা দলের (ইউনাইটেড) কর্মীরা।

    নিশান্তের যোগদানের পরে সেই ক্ষোভ কিছুটা কমবে বলে মত রাজনৈতিক মহলের। বাবা নীতীশ কুমার হলেও রাজনৈতিক ছত্রছায়া থেকে এতদিন দূরেই ছিলেন নিশান্ত। ইঞ্জিনিয়ার নিশান্তের রাজনৈতিক হাতেখড়িতে খুশি নীতীশ কুমার, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

  • Link to this news (এই সময়)