• নরেন্দ্র মোদি-অমিত শাহকে তীব্র আক্রমণ অভিষেকের
    আজকাল | ০৮ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান। তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। স্বরাষ্ট্রমন্ত্রকেরই তথ্য পরিসংখ্যান তুলে ধরে নরেন্দ্র মোদি-অমিত শাহকে তীব্র আক্রমণ অভিষেক ব্যানার্জির।

    এদিন দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে জনসভা করেন অভিষেক। সেখান থেকেই অমিত শাহ-নরেন্দ্র মোদির মন্তব্যের পাল্টা পরিসংখ্যান দেন তিনি।

    অভিষেক বলেন, ‘মহিলাদের বিরুদ্ধে যৌন অপরাধের প্রসঙ্গ তুলে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা করছিলেন অমিত শাহ। আমি আপনাদের পরিসংখ্যান দিচ্ছি, এই পরিসংখ্যান স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান। এখানে বলা হয়েছে দেশের মধ্যে ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে রাজস্থান। তারপর রয়েছে উত্তরপ্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। প্রথম তিনটি রাজ্যেই বিজেপির ডবল ইঞ্জিন সরকার।’

    ডায়মন্ডহারবারের সাংসদ আরও বলেন, ‘দেশে খুনের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এর পরেই রয়েছে বিহার এবং মহারাষ্ট্র। সেখানেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে।’

    সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগণায় সভা করতে এসে অমিত শাহ বলেছিলেন, বাংলায় বিজেপি সরকারে এলে আইনের শাসন হবে। সেই বক্তব্যকেই তুলে ধরে অভিষেক পরিসংখ্যান দিয়ে বলেন, ‘বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন হবে। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনেই কাজ করে। ২০২৩ সালে দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে মোট ১৩,৩৬৭টি মামলা নথিভুক্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবের পরিস্থিতি এইরকম।’

    অপহরণের ক্ষেত্রেও বিজেপি শাসিত রাজ্যগুলিই তালিকার উপরের দিকে রয়েছে। বলে অভিযোগ। অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আগে দিল্লি পুলিশ ও সিআরপিএফকে সঠিকভাবে কাজ করাতে হবে। তারপরে পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়া উচিত।’

    অভিষেক বলেন, ‘অমিত শাহ এসে যা যা পরিসংখ্যান দিয়ে গিয়েছেন তার পুরোটাই ভুল। আমি ওনাকে বলব যিনি আপনাকে এমন ভুল তথ্য ভরা স্ক্রিপ্ট লিখে দিয়ে গেছেন তাঁকে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
  • Link to this news (আজকাল)