• বাংলা নিয়ে অমিত শাহের অভিযোগ, NCRB-র পরিসংখ্যান তুলে জবাব দিলেন অভিষেকও
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) একের পরে এক চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২ মার্চ এই মথুরাপুরে দাঁড়িয়ে তৃণমূলকে নিয়ে যা যা দাবি করেছিলেন শাহ, ধরে ধরে সেই সব বক্তব্যের জবাব দিলেন অভিষেক। একেবারে পরিসংখ্যান তুলে বোঝালেন, ‘শাহি-দাবি’ ভ্রান্ত, বিভ্রান্তিকর, ভিত্তিহীন। অভিষেকের বক্তব্যে উঠে এল বিজেপি নেতাদের সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘দালাল’ বলে হেনস্থার প্রসঙ্গ, অমিত শাহের ছেলে জয় শাহের উত্থান-পর্ব, বিজেপির পরিবর্তন যাত্রা, শনিবার থেকে চলে আসা রাষ্ট্রপতি-বিতর্কও। অভিষেক বলেন, ‘আমাদের সঙ্গে ১০ কোটি মানুষ আছেন। ওদের সব আছে, তার পরেও কিছুই নেই।’

    বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ

    মথুরাপুরের গোপীনাথপুর মাঠে যেখানে অমিত শাহের সভা হয়েছিল, এ দিন সেই মাঠেই সভা করেন অভিষেক। শাহের সে দিনের ৩০ মিনিটের বক্তব্যের প্রতিটি দিক এ দিন তুলে ধরে জবাব দেন অভিষেক। একেবারেই শুরুতে বলেন, ‘বিজেপির পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে এর থেকে বেশি মানুষ আসেন। চায়ের দোকানে বেশি লোক আড্ডা মারতে যান।’ এর পরেই অভিষেক তাঁর সভাস্থলের ভিড়টা দেখাতে বলেন সংবাদমাধ্যমকে। চ্যালেঞ্জ ছোড়েন, ‘ট্রেলার দেখালাম। মে মাসে সিনেমাটা দেখবেন, যে দিন ভোটের ফল বেরোবে।’

    পরিসংখ্যানেই চ্যালেঞ্জ শাহকে

    সে দিন অমিত শাহ রাজ্যের নারী ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে তুলোধোনা করেছিলেন। এ দিন পরিসংখ্যান তুলে বিজেপি শাসিত রাজ্যগুলির হাল হকিকত তুলে ধরেন অভিষেক। শাহেরই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা NCRB-র ডেটা তুলে ধরে অভিষেক বলেন, ‘উনি বলেছেন বাংলায় নারীদের সুরক্ষা নেই, ওঁরা সোনার বাংলা করবে। অথচ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের তথ্য বলছে, মহিলাদের উপরে সমস্ত রকম নির্যাতনে বা অপরাধের ক্ষেত্রে দেশে এক নম্বর স্থানে উত্তরপ্রদেশ, দু’নম্বরে মহারাষ্ট্র, তিনে রাজস্থান।’

    অপরাধে সব মেডেলই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের

    ধর্ষণের ঘটনার পরিসংখ্যান তুলে অভিষেক বলেন, ‘সারা দেশের মধ্যে ধর্ষণের ঘটনায় এক নম্বরে রাজস্থান, দু’নম্বরে উত্তরপ্রদেশ, তিনে মধ্যপ্রদেশ। অর্থাৎ ধর্ষণের ক্ষেত্রে গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল সবই বিজেপির ডবল ইঞ্জিন সরকারের।’ পণের জন্য মহিলাদের মৃত্যুতেও একে উত্তরপ্রদেশ, দু’নম্বরে বিহার, তিনে মধ্যপ্রদেশ। সবই বিজেপিশাসিত। শুধু তাই নয়, দিল্লিতে মেয়েদের উপরে অপরাধ কতটা ভয়ঙ্কর, সে ছবিও তুলে ধরেন অভিষেক। মনে করিয়ে দেন, এই দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনেই। দেশের মধ্যে সব থেকে বেশি খুনের ঘটনায় একে উত্তরপ্রদেশ, দুইয়ে বিহার, তিনে মহারাষ্ট্র। অপহরণের অপরাধেও উত্তরপ্রদেশের সর্বাগ্রে, NCRB-র পরিসংখ্যান তুলে সে কথাও জানান তিনি। বাংলার উন্নয়ন ও জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে অভিষেক প্রশ্ন তোলেন, বিজেপিশাসিত কোন রাজ্যে মানুষের উন্নয়ন হয়েছে?

    তৃণমূল জিতলে এ বার কি অভিষেকই শেষ কথা?

    মথুরাপুরে অমিত শাহ দাবি করেছিলেন, এ বার তৃণমূল জিতলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন হবে। অভিষেকই রাজ্য চালাবেন। অভিষেক এ দিন কড়া জবাবে বলেন, ‘সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি ২০১৪ সালে সাংসদ হয়েছি। এটা ২০২৬। ১২ বছর হয়ে গেল। আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে কোনও সরকারি অনুষ্ঠানে যাইনি। কোনও শিল্পসম্মেলন, খেলা, মেলায় যাইনি। ফিল্ম ফেস্টিভ্যাল, কার্নিভ্যালে যাইনি, কোনও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাইনি। কারণ আমি জানি, একজন জনপ্রতিনিধিকে অনেক কিছু মেনে চলতে হয়।’

    আপনার ছেলে কোন অগ্নিপরীক্ষা দিয়ে ICC প্রেসিডেন্ট?

    এর পরেই অমিত শাহের ছেলের জয় শাহর প্রসঙ্গ তুলে অভিষেক জানান, তিন তিনবার মানুষের সামনে অগ্নিপরীক্ষা দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এর পরেই অভিষেকের প্রশ্ন, ‘আমি জানতে চাই অমিত শাহ আপনার ছেলে কোন অগ্নিপরীক্ষা দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছেন মানুষকে বলুন। আপনার দলের লোকেরা বাংলা ও বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দালাল বলছে। আপনার ছেলে কোন পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে?’

    অভিষেক চ্যালেঞ্জের সুরে বলেন, কোনও হুমকি, চোখরাঙানিতেই তাঁকে টলানো যাবে না। তৃণমূলকে ভয় দেখানো যাবে না। মানুষের পাশে থেকে, মানুষের মধ্যে থেকে আগামী নির্বাচনে আরও বেশি ভোটে তৃণমূলকে জেতানোর বার্তাও দেন অভিষেক।

  • Link to this news (এই সময়)