রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) অপমান করার অভিযোগ তুলে শিলিগুড়িতে বিজেপির (BJP) প্রতিবাদ মিছিল। সোমবার শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। এ দিন দুপুরে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছে করে বিধাননগরের মাঠে রাষ্ট্রপতির সভার অনুমতি দেয়নি। যদিও বিজেপি বিধায়কের অভিযোগে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল।
শঙ্করের আরও অভিযোগ, তৃণমূল (Trinamool) সরকার ভয় পেয়ে এই কাজ করেছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। তিনি বলেন, ‘তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তৃণমূল নেতারা দুই কারণে মুখ খোলেন, খাবার সময় এবং মিথ্যা কথা বলতে। সেই কারণেই বাংলার মানুষ এই সরকারকে আর দেখতে চান না।’
তৃণমূলের দার্জিলিং জেলা চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল বলেন, ‘বিজেপিতে কে কখন কি বলছে ঠিক নেই। ওদের দলেই সমন্বয়ের অভাব রয়েছে। শুনলাম সাংসদ রাজ্যে রাষ্ট্রপতি শাসন দাবি করেছেন। বিধায়ক আবার সেটা চাননি। দেশে আইন-কানুন, জনগণ ও সংবিধান রয়েছে।’
অন্য দিকে এই একই ইস্যুতে রবিবার সন্ধ্যায় ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে একটি প্রতিবাদ মিছিল হয়। সেখানে অংশ নেন আদিবাসী ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন। বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু এই মিছিলে নেতৃত্ব দেন।