• হিজলি স্টেশনে প্রমীলা রাজ, নারী দিবসে মহিলাদের পরিচালনায় ছুটল বিবেক এক্সপ্রেস
    এই সময় | ০৯ মার্চ ২০২৬
  • খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনে রবিবার সকাল থেকেই যেন উৎসবের আমেজ। এটি দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রথম মহিলা পরিচালিত স্টেশন। সেই কারণে International Women's Day-তে নারীর ক্ষমতায়নের বার্তা দিতে বেছে নেওয়া হয়েছে হিজলি স্টেশনকে। এ দিন ডিব্রুগড়গামী কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস যখন স্টেশনে এল, তার পুরো দায়িত্ব তুলে দেওয়া হলো মহিলাদের হাতে। ট্রেনের চালক থেকে শুরু করে গার্ড— সবাই ছিলেন নারী।

    ২০১৮ সালে হিজলি স্টেশন খড়্গপুর ডিভিশনের প্রথম মহিলা পরিচালিত স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করে। তার পর থেকে এখনও এই স্টেশন মহিলা দ্বারাই পরিচালিত। এ দিন সেখানে উপস্থিত ছিলেন DRM ললিতমোহন পাণ্ডে এবং ADRM মনীষা গোয়েল। তাঁরা মহিলা স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক, টিকিট পরীক্ষক, RPF কর্মী থেকে শুরু করে থেকে মহিলা সাফাই কর্মী সকলকেই সংবর্ধনা জানান।

    এর পর শুরু হয় বিবেক এক্সপ্রেসের যাত্রা। দুপুর সাড়ে ১২টা নাগাদ হিজলি স্টেশনে পৌঁছয় কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। ট্রেনের লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট দু’জনেই ছিলেন মহিলা। ট্রেনের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্বে থাকা গার্ড এবং RPF কর্মীরাও ছিলেন মহিলা। এ দিন বেলা ১টা নাগাদ DRM সবুজ পতাকা নাড়ানোর পরে মহিলা পরিচালিত ট্রেন রওনা দেয় অসমের ডিব্রুগড়ের উদ্দেশে।

    DRM ললিতমোহন পাণ্ডে বলেন, ‘রেলের কাজে মহিলাদের অবদান অপরিসীম। তাঁরাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।’ ADRM মণীষা গোয়েল বলেন, ‘মহিলাদের সাফল্যে শুভেচ্ছা। হিজলি স্টেশনের এই ছোট ছোট পদক্ষেপ আসলে নারী শক্তির বড় জয়। সমাজের সর্বস্তরের মহিলাদের এ ভাবেই এগিয়ে আসা উচিত।’

  • Link to this news (এই সময়)