• বাংলাদেশে ফোন পাচার করতে গিয়ে ধৃত ২
    আজকাল | ০৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। উদ্ধার হয়েছে মোট ১২০টি মোবাইল ফোন, যার মধ্যে ১৯টি নতুন সিরিজের আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার মধুপুর–বটগাছতলা এলাকায় অভিযান চালায় সুতি থানার একটি দল। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধার হয়। তবে ধৃতরা কোনও ফোনের বৈধ নথি দেখাতে পারেননি।

    ধৃতদের নাম মহম্মদ শাকিল ওরফে জামরুল (৩১) এবং নোরঙ বাদশা ওরফে ইউস (১৯)। শাকিলের বাড়ি সুতি থানার কাজীপাড়া এলাকায় এবং বাদশা সুতি থানার তেনাউরি গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

    ফরাক্কা মহকুমার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাঁদের আদালতে তোলা হয়েছে এবং ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরাই মোবাইল ফোন পাচারের একটি বড় চক্র সারা দেশে সক্রিয় রয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে মানুষের ভিড় বাড়ার সুযোগ নিচ্ছে এই চক্র। দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ফোন চুরি করে তা হাতবদল হয়ে পৌঁছে যাচ্ছে মুম্বই ও ঝাড়খণ্ডের কয়েকটি গোপন আস্তানায়।

    পরে সেখান থেকে ট্রেন বা বাসে করে ফোনগুলি মুর্শিদাবাদে আনা হয়। এরপর রাতের অন্ধকারে সুতি ও রঘুনাথগঞ্জ এলাকার কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে ফোনগুলি পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে।

    পুলিশের এক আধিকারিক জানান, ঈদের আগে বাংলাদেশে কম দামে মোবাইল ফোন কেনা বা উপহার দেওয়ার প্রবণতা বেড়ে যায়। সেই কারণেই সেখানকার চোরাবাজারে ভারতীয় মোবাইল ফোনের চাহিদা বেড়েছে।

    তিনি আরও বলেন, আইফোনের মতো অত্যাধুনিক ফোন বাংলাদেশে চালু করলে প্রকৃত মালিক ফোনটির লোকেশন দেখতে পেলেও সেখান থেকে সেটি উদ্ধার করে ফেরত আনা প্রায় অসম্ভব হয়ে যায়।

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত শাকিল ও বাদশা এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বাংলাদেশে পাচার করেছে।

    সুতি থানা সূত্রে খবর, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির আইএমইআই নম্বর খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই সেই তথ্য রাজ্যের বিভিন্ন থানায় পাঠানো হবে, যাতে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাঁদের হাতে ফোনগুলি দ্রুত ফিরিয়ে দেওয়া যায়।
  • Link to this news (আজকাল)