নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় বিপুল সংখ্যক দাবি ও আপত্তির আবেদন জমা পড়ে। সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন রাজ্যের বিচার বিভাগীয় আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই নির্বাচনী আইন, প্রক্রিয়া এবং নথি যাচাইয়ের পদ্ধতি নিয়ে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই ২৫০- এর বেশি বিচার বিভাগীয় আধিকারিককে এই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে বলেও কমিশন সূত্রে খবর।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে কলকাতা হাইকোর্ট থেকেও গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলও।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণ নিয়ে আপত্তি ওঠায় বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিচার বিভাগীয় আধিকারিকরা স্বাধীন ভাবেই তাঁদের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এই প্রশিক্ষণ প্রয়োজন। নির্বাচন কমিশনের মতে, দাবি-আপত্তি সংক্রান্ত বিপুল সংখ্যক নথি দ্রুত এবং নিরপেক্ষ ভাবে নিষ্পত্তি করতেই এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।