বিশ্ব ক্রিকেটের মঞ্চে ফেরা সেরা ভারতীয় টিম। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় ও পরপর দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া। দেশের মাটিতেই কাপ জয়ের বাড়তি আনন্দে মেতে উঠেছে ভারতের নাগরিকরা। নিউ জ়িল্যান্ডের শেষ উইকেট পড়তেই দেশের কোণায় কোণায় শুরু হয় সেলিব্রেশন। ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই। কে কী লিখলেন?
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বার জয়ের গৌরব একমাত্র ভারতের। এটি আমাদের ক্রিকেটপ্রেমী জনগণের জন্য অপরিসীম আনন্দ এবং গর্বের বিষয়। এটি আমাদের তরুণ সমাজের বিভিন্ন ক্ষেত্রের সমৃদ্ধ প্রতিভা তুলে ধরার নিদর্শন। এই জয়ের জন্য প্রতিটি খেলোয়াড়, পুরো ব্যবস্থাপনা এবং সহায়তা কর্মীরা সর্বোচ্চ প্রশংসার দাবিদার। আমি আশা করি আমাদের ক্রিকেট দল ভবিষ্যতেও গৌরব বজায় রাখবে।’
ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন! এই অসাধারণ জয় এবং ব্যতিক্রমী দক্ষতা, সংকল্প এবং দলগত কাজের প্রতিফলন। তারা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ সাহস দেখিয়েছে। এই জয় প্রতিটি ভারতীয়ের হৃদয় গর্ব এবং আনন্দে ভরে তুলেছে। সাবাশ, টিম ইন্ডিয়া!’
বিশ্ব চ্যাম্পিয়ন টিমকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন! আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তোমাদের অসাধারণ জয় আমাদের সকলকে গর্বিত করেছে।’
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, ‘আমাদের মেন ইন ব্লু-এর জন্য একটি দুর্দান্ত জয়, টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্মেন্সের জন্য সঞ্জু স্যামসন এবং জসপ্রীত বুমরাহকে বিশেষভাবে অভিনন্দন। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার জন্য এবং গোটা দেশকে একটি অবিস্মরণীয় মুহূর্ত দেওয়ার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।’