ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি গাড়ির টায়ারের গোডাউন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের পাকুড়িয়া এলাকায় ডানকুনি-চেন্নাই ১৬ নম্বর জাতীয় সড়কে। ন্যাশনাল হাইওয়ের ধারে ওই গাড়ির টায়ারের গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। যদিও, কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকালের খবর, দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা টায়ারের গোডাউন থেকে আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিশে। দমকলেও খবর দেওয়া হয়। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
তবে, শুধু গোডাউনে নয়, আগুন ধরে যায় গোডাউনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ক্রেনেও। সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ক্রেন। ভিতরে প্রচুর টায়ার মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত করছে ডোমজুড় থানার পুলিশ। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।