রবিবার রাতের পর সোমবার সকাল, ছবি বদলাল না। বাংলায় এসেই বিক্ষোভের মুখে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়লেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারকে সামনে দেখেই কালো পতাকা উঁচিয়ে ‘গো ব্যাক’ স্লোগান (Go Back Slogan) দিতে থাকেন বিক্ষোভকারীরা। SIR-এ বৈধ ভোটারদের নাম বাতিল নিয়েই ক্ষোভ।
রবিবার সন্ধেয় তিনদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু বিমানবন্দর থেকে বেরোতেই একপ্রস্থ বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। একদল বিক্ষোভকারী তাঁকে কালো পতাকা দেখান। এমনকি, কমিশনারের কনভয় যখন হোটেলের দিকে রওনা দেয়, তখন রাস্তার দু'ধারে ভিড় করে স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ও তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। নিউটাউনে মুখ্য নির্বাচন কমিশনারের হোটেলের সামনেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
এ দিন সকালেও একই ছবি দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেও। সকাল সকালই কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। কালো পতাকা হাতে আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন একদল বিক্ষোভকারী। জ্ঞানেশের এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। SIR-এ নাম তোলার ক্ষেত্রে ডকুমেন্ট নিয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভের মধ্যেই হাসি মুখে মন্দিরে প্রবেশ করেন CEC। বেরনোর সময়ে বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।বরং জ্ঞানেশ বলেন, ‘পশ্চিমবঙ্গের সব ভাইবোনকে আমার নমস্কার। মা কালী সকলকে ভাল রাখুন।’
এ দিন দিনভর একাধিক কর্মসূচি রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। তাঁর সঙ্গে রয়েছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। সোমবার সকাল ১০টা নাগাদ রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের কথা রয়েছে। এর পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গেও বসবেন তাঁরা। বৈঠকের কথা রয়েছে কেন্দ্র ও রাজ্যের ২৪টি এনফোর্সমেন্ট সংস্থার প্রধানের সঙ্গেও কথা বলবেন জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার। রাজ্যে প্রশাসনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁদের।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান-সহ অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন জ্ঞানেশ কুমার ও তাঁর টিম। ভোট প্রস্তুতি নিয়ে জেলাশায়ক এবং পুলিশ সুপারদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। BLO-দের সঙ্গে বৈঠকও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কর্মসূচির তালিকায় রয়েছে।
রিপোর্টিং- শুভ্রজিৎ চক্রবর্তী