• Breaking News Live: ধর্নার চতুর্থ দিন, মঞ্চের সামনে BJP লিফলেট বিলি নিয়ে অশান্তি
    এই সময় | ০৯ মার্চ ২০২৬
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ধর্না চত্বরে লিফলেট বিলি করছে বিজেপি। তিনি বলেন,‘পুলিশে দিন ওদের। ওরা চোর ডাকাত। হাতে নাতে ধরুন।’

    কারুরের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় TVK প্রধান বিজয়কে ফের তলব CBI-এর। মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ। অভিযোগ উঠেছিল, কারুরের ওই রাজনৈতিক সভার ব্যবস্থাপনা নিয়ে।

    নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রতিনিধি দলের। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে এদিন যোগ দিয়েছিলেন,ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। তাঁদের অভিযোগ, ‘জ্ঞানেশ কুমার কারও কথা শুনতে চান না। নিজেই বলে যাচ্ছেন। আমরা কথা বললেই চিৎকার করছে। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি বলে কমিশনের রাগ হয়েছে।’

    নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন,‘ এক দফায় ভোট করতে হবে। খুব বেশি হলে ২ দফায়। নির্বাচন কমিশন এমন কেন অবস্থা করল, যে সুষ্ঠু-শান্তি নির্বাচন করতে গিয়ে মানুষের নাম বাদ দিতে হল? ৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। নামের বানান সামান্য। BLO, ERO, AERO-দের দিয়ে এই কাজগুলো করতে গিয়ে সর্ষের মধ্যে ভূত চলে এলো। যারা ভুল করল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? নিরপেক্ষ ভোট কী ভাবে করানো যাবে? মতুয়া, আদিবাসী, সংখ্যালঘু এদের কি হবে? নির্দিষ্ট দাবি করেছি।’

    পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (Cabinet Committee on Security) একটি বৈঠকে বসে। তিনি বলেন, ‘প্যানেলকে ইরানে বিমান হামলা এবং পরবর্তীতে বেশ কয়েকটি গাল্ফ কান্ট্রিতে হামলা সম্পর্কে অবহিত করা হয়। একইসঙ্গে এই অঞ্চলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।’

    ইরান যুদ্ধ নিয়ে রাজ্যসভায় ভাষণ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের। তিনি বলেন,‘আলোচনা ও কূটনৈতিক উপায়ে পশ্চিম এশিয়ার সঙ্কটের সমাধান চায় ভারত।পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপরে সর্বক্ষণ নজর রাখছেন প্রধানমন্ত্রী।’

    সংসদে অবিলম্বে আলোচনা করতে হবে বাংলার SIR নিয়ে- দাবি তুলে নোটিস জমা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, নাদিমুল হক, সাকেত গোখলে। পশ্চিম এশিয়ার বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে, সরকারের সামান্য বিবৃতিতে কাজ হবে না - বাজেট অধিবেশনের প্রথম দিনেই এক কাট্টা বিরোধী শিবির। বাংলার SIR ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থানকে সমর্থন জানাচ্ছে গোটা বিরোধী শিবির।

    দুর্নীতি মামলায় বিশেষ আদালতে জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই রায়ের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেছে CBI। দিল্লি হাইকোর্টে সেই মামলার শুনানি হবে।

    T20 বিশ্বকাপে ইন্ডিয়া জয়ী হওয়ার পর উচ্ছ্বাসে শব্দবাজি ফাটানোর অপরাধে এক যুবককে ইট দিয়ে মেরে নাক ফাটিয়ে দিল এক ব্যক্তি। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর সিটি সেন্টার অঞ্চলের গোষ্টপাল সরণিতে। রক্তাক্ত অবস্থায় সৌগত দাশগুপ্ত নামে ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন আছে সৌগত।

    দেশের শেয়ার বাজার সোমবার খোলার পরেই ধসে গেল। সাড়ে ৯টার সময়, সেনসেক্স কমেছে ২,২৬৮ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ। নিফটি৫০ কমেছে ৭১১ পয়েন্ট ২.৯১ শতাংশ। শেয়ার বাজারের অধিকাংশ সেক্টরাল ইনডেক্সেরই ব্যাপক পতন হয়েছে বাজার খুলে।

    ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জাতীয় সড়কের ধারে থাকা একটি টায়ারের গোডাউনে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোডাউনে মজুত বিপুল পরিমাণ টায়ার দাউদাউ করে জ্বলতে শুরু করে।

    আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্যের মতে, আজ, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস।

    কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে দেখেই গো-ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। দেখানো হয় কালো পতাকা।

    বেআইনি ভাবে অস্ত্র মজুত রাখা এবং সরবরাহ করার অভিযোগে পাঞ্জাব থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে বছর ১৭-এর এক নাবালকও রয়েছে। ধৃতদের কাছ থেকে পাঁচটি ৭.৬৫ মিলিমিটার দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)