সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের বাংলার SIR মামলা। সোমবার এই মামলা নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। আদালতে এও অভিযোগ করেন, ভোটাররা বৈধ নথি দিতে চাইলেও কমিশন তা নিচ্ছে না। মঙ্গলবার এই মামলা শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে অভিযোগ করেন, বাংলায় বহু ভোটার আছেন, যাঁদের নাম আগের ভোটার তালিকায় ছিল। কিন্তু এ বারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি, তাঁরা প্রামাণ্য নথি জমা দিতে চাইলেও তা নেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে।
বৈধ ভোটারের নাম বাদের অভিযোগকে সামনে রেখে চার দিন ধরে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ধর্নায় বসেছেন তিনি। প্রথম দিনই সেই ধর্নামঞ্চে ছিলেন মেনকা। তৃণমূল তাঁকে এ বার রাজ্যসভায় পাঠাচ্ছে। দাপুটে এই আইনজীবী বাংলার SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টে।
এই মুহূর্তে বাংলায় রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন এই বেঞ্চ ১০ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে। একাধিক কর্মসূচি রয়েছে তাদের। ইতিমধ্যেই এ দিন সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয় কমিশনের ফুল বেঞ্চের। এই আবহে নতুন করে SIR মামলা সুপ্রিম কোর্টে।