দিল্লি থেকে গোয়াগামী একটি ফ্লাইটে ধূমপান করে বিপাকে এক যাত্রী। ৭ মার্চ, শনিবার আকাশা এয়ারের একটি ফ্লাইটে ঘটনাটি ঘটে। তবে ঘটনা প্রকাশ্যে এসেছে রবিবার। তার পর থেকেই বোর্ডিংয়ের আগে যাত্রীদের চেকিংয়ে কড়া নজরদারি চালাচ্ছে বিমান সংস্থা।
অভিযুক্ত যাত্রীর নাম আশিস। তিনি দিল্লির বাসিন্দা। ওই দিন মাঝ আকাশে ফ্লাইটের শৌচাগারে বসে লুকিয়ে ধূমপান করছিলেন তিনি। ধূমপানের গন্ধ ছড়িয়ে পড়তেই বিমানের কর্মীরা তাঁকে পাকড়াও করেন।
আকাশা এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যাত্রীর কাছে একটি লাইটার ছিল। ফ্লাইটে লাইটার বা দেশলাই নিয়ে ঢোকা কড়া ভাবে নিষিদ্ধ। তার পরেও অভিযুক্ত লুকিয়ে ফ্লাইটের ভিতরে লাইটার নিয়ে ঢুকেছিলেন। বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ফ্লাইটে বসে ধূমপান করার ফলে আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারত। যার জেরে প্রাণ সংশয় হতে পারত যাত্রীদের।
এর পরে ওই ফ্লাইট গোয়ার মোপা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন বিমানকর্মীরা।
পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে। এ ছাড়াও, ওই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যে তারা তদন্তে পুলিশকে সবরকম সাহায্য করতে প্রস্তুত।