• ধর্নামঞ্চে হঠাৎ কী হলো? মাইক্রোফোন হাতে মমতার অর্ডার, ‘হাতেনাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন’
    এই সময় | ০৯ মার্চ ২০২৬
  • ধর্নামঞ্চে হঠাৎই মাইক্রোফোন হাতে তুলে নিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বলতে শুরু করলেন, ‘এমনি ঢুকে মিটিং শুনতে পারেন। কিন্তু বিজেপির লিফলেট বিলির কোনও অধিকার নেই। হাতেনাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন।’ মমতার এই বক্তব্য শুনে মঞ্চে যাঁরা, তাঁরা তো অবাক। হঠাৎ কী হলো? এর পর নিজেই গোটা বিষয়টা ভাঙলেন মমতা। মারাত্মক অভিযোগ তুললেন ধর্মতলার ধর্নামঞ্চ থেকে।

    মমতা জানান, বিজেপি লিফলেট বিলি করছে এই ধর্নামঞ্চ চত্বরে। ১৪ মার্চ বিজেপির ব্রিগেড চলো কর্মসূচি। অভিযোগ, তারই পোস্টার বিলি করা হচ্ছে এই ধর্নামঞ্চ চত্বরে।

    এই ঘটনায় শশী পাঁজাকে FIR করতে বলেন মমতা। একই সঙ্গে মঞ্চ থেকেই বলতে থাকেন, ‘আগে ধরো। পালিয়ে যাবে। কাপুরুষের দল। মানুষের সমর্থন নেই। লিফলেট বিলি করতে এসেছে। যখনই দেখবেন ভোট চোরদের ধরবেন। একদম ছাড়বেন না। শয়তান লোক। এ ভাবে বোমা মারে, অন্য লোকের নামে দোষ দেয়। NIA-তে ঢোকায়। এই ভাবেই চুরি করে অন্যদের ইডি-সিবিআইয়ে ঢোকায়। তৃণমূল সংবেদনশীল। তা বলে ওরা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে এটা হয় না। অন্যায় করলে ফোঁস করতে হয়।’

    কিছুক্ষণ পরেই সেই পোস্টার ও দু’জনের ছবি সামনে আনেন মমতা। বলেন, ‘এই যে ধরা পড়েছে। এই দু’জন বিলি করছিল। এখন পালিয়েছে। তবে ধরে আমি নেবই।’ সোমবার ধর্নামঞ্চের সামনের এই ঘটনা ঘিরে কিছুক্ষণ সরগরম হয়ে ওঠে। যাঁরা লিফলেট বিলি করছিলেন, পরে তাঁরা ধরাও পড়েন।

    যদিও বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘বিজেপি ওদের ওখানে কোনও লিফলেট বিলি করছে না। এটা ওরাই করিয়ে প্রচার করছে। আর যদি করেও তাতে কী? গণতান্ত্রিক অধিকারে তো যে কোনও জায়গায় প্রচার করা যায়। বিজেপির কোনও ইচ্ছে নেই ওদের ওখানে গিয়ে ব্রিগেডের প্রচার করার।’

  • Link to this news (এই সময়)