• রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, আজ জ্ঞানেশের সঙ্গে বৈঠকে তৃণমূল
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মার্চ ২০২৬
  • অন্যদিকে, নির্বাচন কমিশন শহরের মাটিতে পা রাখতেই কালো পতাকা ও স্লোগান দেওয়া হয়। ‘গো ব্যাক জ্ঞানেশ কুমার’ স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সব দিক খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে পৌঁছয়, ঠিক সেই সময়ই বিক্ষোভের মুখে পড়তে হয় কমিশনকে।

    সোমবার সকাল ১০টা থেকে মুখ্য নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্য ও কেন্দ্রের মোট আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। প্রতিটি দলের সঙ্গে আলাদা করে আলোচনা করা হবে এবং প্রতিটি দলের জন্য ১৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে।

    তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে থাকবেন রাজ্যের প্রাক্তন ডিজি এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। প্রাক্তন আইপিএস অফিসার রাজীব এই প্রথমবার শাসকদলের প্রতিনিধিত্ব করে কোনও বৈঠকে যোগ দেবেন। এর আগে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চেও তাঁকে দেখা গিয়েছিল।

    নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজেদের প্রতিনিধিদের পাঠাচ্ছে। বিজেপির তরফে উপস্থিত থাকার কথা শিশির বাজোরিয়ার। সিপিআইএমের প্রতিনিধিত্ব করবেন মহম্মদ সেলিম ও শমিক লাহিড়ী। কংগ্রেসের তরফে বৈঠকে থাকবেন আশুতোষ চট্টোপাধ্যায়।

    ভোটার তালিকার এসআইআর এবং সংশ্লিষ্ট নানা অভিযোগ ও আপত্তি নিয়েই মূলত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন দল নিজেদের অবস্থান ও দাবি কমিশনের সামনে তুলে ধরবে বলেই সূত্রের খবর।

    সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে নির্বাচন প্রস্তুতি নিয়ে আর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে কমিশন। সেই বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মোট ২৪টি এনফোর্সমেন্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। পাশাপাশি আইজি, ডিআইজি, বিভিন্ন পুলিশ কমিশনারেটের আধিকারিক, জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকদেরও ওই বৈঠকে ডাকা হয়েছে। এদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত প্রায় আট লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)