• সত্যিই ইরানের পিঠে ছুরি মেরেছে ভারত? গোপনে খবর ইজ়রায়েলকে? সেনাপ্রধানের ভিডিয়ো ঘিরে হইচই
    এই সময় | ০৯ মার্চ ২০২৬
  • ইরানের পিঠে ছুরি মেরেছে ভারত? ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে এসে নৌমহড়ায় অংশ নিয়ে দেশে ফিরে যাওয়ার পথে আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে গিয়েছে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’। মৃত্যু হয়েছে ইরানি নৌসেনার অন্তত ৮৭ জনের। কিন্তু ভারত থেকে ফেরার পথে ভারত মহাসাগরের ঠিক কোথায় রয়েছে ইরানি রণতরীটি, আমেরিকা তা জানল কী করে? ভারত জানিয়ে দিয়েছিল তাদের অবস্থান? হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একটি ৫৭ সেকেন্ডের ভিডিয়ো ঘিরে।

    ভাইরাল ভিডিয়ো ক্লিপটিতে সেনাপ্রধানকে বলতে শোনা যাচ্ছে, ‘ইজ়রায়েল আমাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছতেই আমরা ইজ়রায়েলকে তাদের সঠিক অবস্থানের খবর দিই।’

    এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারত নাকি ইজ়রায়েলকে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-র গোপন অবস্থান জানিয়ে দিয়েছিল। এর ফলেই আমেরিকান সাবমেরিন সেটিকে ধ্বংস করতে পেরেছে। ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজ়েনরা ।

    বস্তুত ভিডিয়োটি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, সংবাদমাধ্যম ‘ফার্স্টপোস্ট’-এর ‘রাইসিনা ডায়লগ ২০২৬’ অনুষ্ঠানের লোগো রয়েছে। চলতি বছরের ৫ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে হয়েছিল এই অনুষ্ঠান। ৪ মার্চ ডুবে গিয়েছিল আইআরআইএস ডেনা।

    গুগল সার্চ করে দেখা গিয়েছে ওই অনুষ্ঠানে সত্যিই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী। তবে ওই সাক্ষাৎকারে সেনাপ্রধানকে ‘অপারেশন সিঁদুর’ এবং ভবিষ্যতের রণকৌশল নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। ২১ মিনিটের সাক্ষাৎকারে তিনি ইরান বা ইজ়রায়েল নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।

    অর্থাৎ খবরটি সম্পূর্ণ ভুয়ো! ভারত সরকারের ‘পিআইবি ফ্যাক্ট চেক’ (PIB Fact Check) বিভাগও ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছে, এই ভিডিয়োটিতে ডিজিটাল কারিকুরি রয়েছে।

  • Link to this news (এই সময়)