• BJP নেতাকে লক্ষ্য করে গুলি, শোরগোল ভাটপাড়ায়
    এই সময় | ০৯ মার্চ ২০২৬
  • রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে আইন-শৃঙ্খলা অবনতি না হওয়ার ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। এর মাঝেই সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গুলি চলার অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।

    উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মী অমিত সাউকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদল দুষ্কৃতী বিজেপি কর্মী রাজু সাউয়ের বাড়িতে হানা দেয়। সেই সময়ে রাজু সাউ বাড়িতে না থাকলেও তাঁর ভাই অমিত সাউ বাড়িতে ছিলেন।

    অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ি থেকে ডেকে এনে অমিত সাউকে মারধর করে এবং বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, রাজু সাউ গতকাল ব্যারাকপুরে অনুষ্ঠিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-তে অংশ নিয়েছিলেন। সেই আক্রোশেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্কু পান্ডে। তিনি বলেন, ‘বিজেপি করার অপরাধেই এলাকায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। তাঁর কথায়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, গুলি চালানো হচ্ছে।’

    নির্বাচন কমিশন বলছে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু এই পরিস্থিতিতে কীভাবে তা সম্ভব তা নিয়েই আশঙ্কিত তিনি। ঘটনার খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি।

  • Link to this news (এই সময়)