• দুই ছেলের নামের পাশে ‘Deleted’ লেখা, নিজের নাম ‘Under Adjudication’, বাদুড়িয়ায় আত্মঘাতী মহিলা
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • চূড়ান্ত ভোটার তালিকায় নামের পাশে লেখা, ‘Under Adjudication’ অর্থাৎ বিচারাধীন। দুই ছেলের নামের পাশে লেখা ‘Deleted’। পরিবারের দাবি, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা রীনারানি মণ্ডল (৫০)। সোমবার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এই বয়সে এই মানসিক চাপ তিনি নিতে পারেননি। তাই এই চরম সিদ্ধান্ত নেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায়, রীনার নাম বিচারাধীন। পরিবারের দাবি, তাঁর দুই ছেলে শুভদীপ কুণ্ডু ও সৌমেন কুণ্ডুর নাম তালিকা থেকে সম্পূর্ণ বাদ। সোমবার দুপুরে সমস্যার সমাধান খুঁজতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বাদুড়িয়া ব্লক অফিসে যান তাঁর দুই ছেলে সৌমেন ও শুভদীপ। সেই সময়েই বাড়ি থেকে খবর আসে, তাঁদের মা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন।

    স্থানীয় বাসিন্দারা রীনাকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

    রীনার ছেলে শুভদীপ কুণ্ডু বলেন, ‘বাবা মারা গিয়েছেন। বাড়িতে আমরা দুই ভাই, আর মা। মায়ের নাম বিচারাধীন। আমাদের দুই ভাইয়ের নাম ডিলিট। এই নিয়ে মা খুব চিন্তা করত। সব সময় আতঙ্ক কাজ করত।’

  • Link to this news (এই সময়)