'এত বড় সারপ্রাইজ, ভাবতে পারিনি,' বলছেন বাবুল, ড্যামেজ কন্ট্রোল?
আজ তক | ১০ মার্চ ২০২৬
রাজ্যসভার মনোনয়ন জমা করতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে মেজাজ হারিয়ে সমালোচিত হয়েছেন বাবুল সুপ্রিয়। এবার রাজ্যসভার শংসাপত্র নিয়ে তিনি নিজেই জানালেন, কেন বিধানসভা ছেড়ে ফের দিল্লির রাজনীতিতে ফিরতে চলেছেন তিনি।
সংবাদমাধ্যমে বাবুল সুপ্রিয় সোমবার বলেন, 'আমি খুব খুশি। খুব ভাল লাগছে। দিদি এবং অভিষককে অনেক ধন্যবাদ। এতদিন বলতে পারিনি, এখন বলছি। কারও পাশে থাকা কাকে বলে তা ওঁরা দেখিয়েছে। আমি আমার বন্ধু ডেরেক ও'ব্রায়েনের মাধ্যমে জানিয়েছিলাম, ১০ বছর শুধুমাত্র সঙ্গীতকে দিতে চাই। মুম্বই ফেরত যেতে চাই। কারণ আমার মনে হয়েছে, সঙ্গীতের শ্রেষ্ঠ ফর্মে রয়েছি এখন। বয়স বেড়ে গেলে সূর্যাস্ত হয়ে যাবে। আমি ৫-১০ বছরের একটা ব্রেক নিতে চাই আর তাই ভোটে আর দাঁড়াতে চাই না। বালিগঞ্জে আমার ভোটাররাও জানেন। কিন্তু আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করে থাকবে, জানতাম না।'
সংসদের উচ্চকক্ষে যাওয়ার সুযোগ পেয়ে দারুণ লাগছে বলে জানালেন বাবুল। তাঁর কথায়, 'ওখানে যে ধরনের ডিবেট হয়, সেটা আমার পরিচিত। কয়েকজন ঝামেলা তৈরি করে বটে, তবে ওখানকার পরিবেশ অন্যরকম। দিদি বলেছেন, মন খুলে গান গাও।' সমালোচনা প্রসঙ্গে বাবুল বলেন, 'আমার বসেদের কাছে আমার রিপোর্ট কার্ড রয়েছে, তাই যারা প্রশ্ন তুলছেন, তাদের সেই কার্ড দেখিয়ে দেওয়া হবে।'