সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার যুবক
বর্তমান | ১০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রবিবার প্রসেনজিৎ ভৌমিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানা। অভিযোগকারিণী ছাড়া আরও অনেক মহিলার সঙ্গে সে একই কাণ্ড ঘটিয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দু’বছর আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তরুণীর সঙ্গে পরিচয় হয় যুবকের। সে নিজেকে বড়ো ব্যবসায়ী বলে জানায়। যুবক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তরুণী বিষয়টি বাড়িতে জানিয়ে দেন। তরুণীর অভিযোগ, তাঁকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায় অভিযুক্ত যুবক। হোটেলে থাকার সময় তাঁকে ধর্ষণ করে প্রসেনজিৎ। ধর্ষণের ভিডিয়ো তুলে সেগুলি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় সে। সেই কারণে তরুণী ভয়ে তার সঙ্গে যেতে বাধ্য হতেন বলে জানিয়েছেন। বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে যেতে থাকে যুবক। ফোন ধরা বন্ধ করে দেয়। তরুণী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ফেব্রুয়ারি মাসে তিনি আনন্দপুর থানায় অভিযোগ করলে পুলিশ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণসহ একাধিক ধারায় কেস রুজু করে। তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পারে, সে আনন্দপুর এলাকায় এসেছে। রবিবার রাতে প্রসেনজিৎকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তরুণীদের সঙ্গে আলাপ জমানোর পর বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করত। তার বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ জমা পড়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।