• কাঁকুড়গাছিতে বিপজ্জনক বাড়ির কার্নিশ ভেঙে মাথা ফাটল বৃদ্ধার
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপজ্জনক পুরোনো বাড়ির সামনের দিকে কংক্রিটের চাঙড় ভেঙে বিপত্তি। মাথা ফাটল পথচলতি বৃদ্ধার। সোমবার ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছি অঞ্চলে। বৃদ্ধার নাম ছায়া বসাক (৭৯)। তিনি ওই বাড়ির সামনে ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। বৃদ্ধার মাথায় চারটি সেলাই পড়েছে। আজ মঙ্গলবার ওই বাড়িটি ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তিরঞ্জন কুণ্ডু।

    ঘটনাস্থল কাঁকুড়গাছি অঞ্চলের ৬০ নম্বর সতীন সেন সরণির এই বাড়িটি পরিত্যক্ত। দীর্ঘকাল ধরে বিপজ্জনক। কলকাতা পুরসভার তরফে পোস্টার টাঙানো রয়েছে। কিন্তু তারপরেও বাড়ির মালিক সংস্কার করেন না বলে অভিযোগ। সোমবার সেই বাড়ির সামনের কার্নিশের একটা অংশ ভেঙে পড়ে। ওই পথেই যাচ্ছিলেন ওই অঞ্চলের বাসিন্দা বৃদ্ধা ছায়াদেবী। তাঁর মাথায় কংক্রিটের চাঙড় ভেঙে পড়ে। মাথা ফেটে গিয়ে রক্ত বেরতে থাকে। বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথায় চারটি সেলাই পড়েছে। আতঙ্কিত বৃদ্ধা বলেন, ‘খেতে পারছি না। তরল জাতীয় খাবার অল্প খেয়েছি। এক চোখে দেখতে পাই না। আরও একটা চোখ চলে গেলে কী করতাম!’

    এই ঘটনায় পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলার। তিনি বলেন, ‘এখানে এমন পুরনো বিপজ্জনক বাড়ি বহু আছে। পুরসভার অফিসাররা শুধুমাত্র পোস্টার টাঙিয়ে খালাস। যে সমস্ত বাড়ির মালিক সংস্কার করে না, তাঁদের বিরুদ্ধে ঠিক মতো ব্যবস্থা নেওয়া হয় না। আজকে এই বৃদ্ধা মারা গেলে কে দায়ী থাকতো?’ শান্তিরঞ্জন আরও বলেন, শহর জুড়ে সর্বত্র এই ধরনের বাড়ির মালিকদের উপর আইনিভাবে চাপ বাড়ানো দরকার, যাতে সংস্কার করা হয়। না হলে পুরসভার উচিত জনস্বার্থে ভেঙে দেওয়া।
  • Link to this news (বর্তমান)