• কিশোরের বিয়ে রুখতে পদক্ষেপ লিগ্যাল এইডের
    বর্তমান | ১০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহারের বাসিন্দা ১৭ বছরের এক কিশোর বিড়ি বাঁধার কাজের সঙ্গে যুক্ত। সম্প্রতি তাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছিল কলকাতা আইনি সহায়তা কেন্দ্র (লিগ্যাল এইড)। লিগ্যাল এইডের কর্তারা সেই হোম পরিদর্শনে এলে ওই কিশোর তাঁদের বলে, তার বিয়ের আয়োজন পাকা, তাই তাকে যেন দ্রুত বিহারে পাঠানোর ব্যবস্থা করা হয়। একথা শোনার পর ওই কিশোরের বিয়ে আটকাতে তৎপর হয়ে ওঠে লিগ্যাল এইড কর্তৃপক্ষ। তারা সেখানকার প্রশাসনকে ওই বিয়ে আটকানোর বিষয়ে পদক্ষেপ করতে বলে। সূত্রের খবর, বাল্যবিবাহ রুখতে কলকাতা লিগ্যাল এইডের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ চিঠি দেন বিহারের আইনি সহায়তা কেন্দ্রের কর্তৃপক্ষকে। যাতে ওই নাবালকের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে এই বিয়ে আটকানো যায়।

    লিগ্যাল এইড সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে নিউ মার্কেট থানা এলাকার একটি দোকানে বসে বিড়ি বাঁধছিল ওই কিশোর। তাকে উদ্ধার করে কলকাতার এক হোমে পাঠানো হয়। দোকানের মালিক প্রথমে দাবি করেন, ছেলেটি সাবালক। পেশার টানেই এই কাজে যুক্ত হয়েছে। কিন্তু লিগ্যাল এইড কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে তার বয়সের যাবতীয় নথিপত্র জোগাড় করে। সেখান থেকে তারা জানতে পারে, তার বয়স ১৭ বছর। এক অফিসারের কথা, ‘মিথ্যা বক্তব্য‌ পেশ করার জন্য ওই দোকান মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।’

    সম্প্রতি দক্ষিণ কলকাতার এক হোমে নাবালকদের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে যান লিগ্যাল এইডের কর্তারা। তখনই ১৭ বছরের ওই কিশোর কান্নাকাটি শুরু করে দেয়। সে অফিসারদের বলে, বিহারে বাবা‑মা তার বিয়ের সব আয়োজন ঠিক করে ফেলেছে। তাই তাকে যেন হোম থেকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়। একথা শুনে চোখ কপালে ওঠে অফিসারদের। তৎক্ষণাৎ তাঁরা এই বিয়ে আটকাতে প্রশাসনিক পদক্ষেপ করেন।
  • Link to this news (বর্তমান)