মণিরামপুরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল উত্তর বারাকপুর পুরসভা
বর্তমান | ১০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: যে বেআইনি নির্মাণ নিয়ে বিতণ্ডায় ৮ ফেব্রুয়ারি মণিরামপুরে বৃদ্ধ তুলসী অধিকারীর মৃত্যু হয়েছিল, সেই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল উত্তর বারাকপুর পুরসভা। বাড়ির মালিক মিঠু বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ৩০ দিনের মধ্যে কোন কোন বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাড়ির মালিক নিজে ওই নির্মাণ ভেঙে দিলে ভালো। অন্যথায় পুরসভাই তা ভেঙে দেবে।
এর আগে বাড়ির মালিক মিঠু বন্দ্যোপাধ্যায়কে অনুমোদিত প্ল্যান নিয়ে আসতে বলা হয়েছিল। ডাকা হয়েছিল মৃত তুলসী অধিকারীর ছেলে অভিযোগকারী জয়ন্ত অধিকারীকেও। পুরসভার বিশেষ বোর্ড মিটিংয়ে সবপক্ষের মতামত শুনেছিলেন পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলাররা। সকলের মতামত নিয়েই বাড়িটির বেআইনি অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ।
বাড়ির মালিক মিঠু বন্দ্যোপাধ্যায়কে পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ চিঠি দিয়ে জানিয়ে দিলেন, বাড়িটির বেশ কিছু অংশ বেআইনি হয়েছে, যা পুরসভার অনুমোদিত প্লানে নেই। বঙ্গীয় পুর আইন ১৯৯৩ এর ২২০ ধারা অনুযায়ী বেআইনি নির্মাণ হয়েছে বলে তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। পুরসভার তদন্তে দেখা গিয়েছে, প্রথম তলায় ১৫.৬৮৪ বর্গমিটার, ম্যাজেনাইন ফ্লোরে ২.৫৫ বর্গমিটার, প্রথম তলায় ১৫.৬৮৪ বর্গমিটার, দ্বিতীয় তলায় ১৪.২১১ বর্গমিটার বেআইনিভাবে নির্মিত হয়েছে। ৩০ দিনের মধ্যে মিঠু বন্দ্যোপাধ্যায়কে ওই বেআইনি অংশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। না হলে পুরসভাই তা ভেঙে দেবে। পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, এর আগেও আমরা অভিযোগ পেয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছি। এটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।